কৃষিবিদদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ডিপ্লোমা কৃষিবিদেরা জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের আওতায় বেতন বাস্তবায়ন এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদা দেওয়ার দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি মন্ত্রণালয়ের অধীন সব ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের দশম গ্রেডে বেতন স্কেলসহ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
নাটোর: বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এখানকার ডিপ্লোমা কৃষিবিদেরা। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা ইউনিটের সভাপতি নীরেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহসভাপতি রহমত আলী সরকারসহ অন্য নেতারা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
সিরাজগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক আবদুস সোবাহান সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, লোকমান হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
পাবনা: শহরের আবদুল হামিদ সড়কের প্রেসক্লাব মোড়ে বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট পাবনা জেলা শাখার সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি হাতেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। পরে কৃষিবিদেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দাবিসংবলিত স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন স্মারকলিপিটি গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ: দুপুরে শহরের শহীদ সাটু হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
নওগাঁ: সকালে শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রায়, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহসান হাবিব রতন প্রমুখ।