কৃষিযন্ত্র তৈরিতে সহায়তা চান দেশি উদ্যোক্তারা
দেশে কৃষিযন্ত্র তৈরিতে ভর্তুকি চান দেশি উদ্যোক্তারা। সেজন্য একটি নীতিমালা তৈরির দাবিও জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে খাতটির জন্য দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা, প্রচলিত ঋণের সুদহার কমানো ও দেশেই যেসব যন্ত্র উৎপাদন করা সম্ভব বাইরে থেকে সেসব কৃষিযন্ত্র আমদানি বন্ধ করার দাবিও জানান উদ্যোক্তারা।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘কৃষি যান্ত্রিকীকরণ—ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এক সেমিনারে এ দেশের উদ্যোক্তারা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহায়তায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ সিরিয়াল সিস্টেম ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া-মেকানাইজেশন অ্যান্ড এক্সটেনশন অ্যাক্টিভিটি (সিসা-এমইএ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। সেমিনারের ওই সেশনটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আইয়ুব হোসাইন।
আলোচনায় অংশ নিয়ে বগুড়ার রেজা ইঞ্জিনিয়ার্সের মালিক রেজাউল করিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিনিয়তই আমাদের পণ্যের দাম বাড়ছে। এটি একটি সমস্যা। অনেকেই খাতটি থেকে সরে যাচ্ছেন। এই সেক্টরের উদ্যোক্তারা ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন, সেই ঋণের সুদের হার কমিয়ে দেওয়া প্রয়োজন। দেশেই এখন পাওয়ার টিলার, সেচ মেশিন উৎপাদন করা সম্ভব। সেজন্য এ খাতে ভর্তুকি দেওয়া প্রয়োজন।
যশোরের শিল্পী মেটাল ফাউন্ড্রির মালিক সামসুল আলম স্বপন বলেন, ‘লাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেশে শিল্পপার্ক নেই। আমাদের শিল্পপার্ক প্রয়োজন। খাতটির উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদি ঋণ প্রয়োজন।’ তিনি বলেন, দেশে কোনো খনিজ পদার্থ নেই। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে গেছে। লোহার সংকটে অনেক ওয়ার্কশপ এখন বন্ধ। অনেক অর্ডার আছে, কিন্তু মেশিন আমরা ডেলিভারি দিতে পারছি না। ৫০ হাজার টাকা দিয়ে যে অর্ডার নিয়েছি, সেই মেশিন বানাতে এখন ৮০ হাজার টাকা লাগবে। আমরা কাজ করতে পারছি না। খাতটি বাঁচিয়ে রাখতে সহজ শর্তে ঋণ প্রয়োজন।
আলিম ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলিমুল আহসান চৌধুরী বলেন, যন্ত্রাংশ তৈরি করতে গেলে বনিয়াদি যন্ত্রের দরকার হয়। এই খাতে সুদমুক্ত দীর্ঘমেয়াদি ঋণ দিতে হবে। হালকা প্রকৌশল খাতও কৃষিভিত্তিক। এই খাতেও ১০ থেকে ১৫ বছর মেয়াদি ঋণ প্রয়োজন। আমাদের কারখানায় যেসব প্রকৌশলী আছেন, তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন। সেজন্য সরকারকেও এগিয়ে আসতে হবে।
বর্তমানে কাঁচামালের বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলিমুল আহসান বলেন, ‘যখন আমরা কোনো একটি দরপত্রে অংশ নিই, তখন একটি মূল্য ধরি, কিন্তু পরে দাম বেড়ে যায়। এতে আমরা ক্ষতির মুখে পড়ি। সে বিষয়টিও সরকারকে ভাবতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই খাতে কারিগরি পরামর্শ প্রয়োজন। কোনো একটি যন্ত্র নষ্ট হলে, পেরে না উঠলে, তখন আমরা কোথায় যাব, কী করব, কিছুই বুঝে উঠতে পারি না। যেসব যন্ত্র দেশে তৈরি করা সম্ভব এবং সক্ষমতা তৈরি হয়ে গেছে, সেই সব কৃষিযন্ত্র যেন দেশের বাইরে থেকে আমদানি না করা হয়, সেজন্য নীতিমালা তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, কৃষিযন্ত্র তৈরির ক্ষেত্রে দেশের প্রস্তুতকারীরা পিছিয়ে পড়ছেন। বাইরে থেকে যন্ত্র আমদানি করা হচ্ছে। এতে উদ্যোক্তারাও আগ্রহ হারাচ্ছেন। দেশি কৃষিযন্ত্র তৈরিতে ভর্তুকি প্রয়োজন। সেজন্য একটি নীতিমালা এখন সময়ের দাবি।