রাজধানীতে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, প্রতি বছর বাজেটের আকার বাড়লেও কৃষি খাতে বরাদ্দ বাড়েনি। জিডিপিতে কৃষির অবদান অনুযায়ী এই বরাদ্দকে যথাযথ মাত্রায় উন্নীত করতে হবে। কৃষক ও ক্ষেতমজুরদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে হবে।
পুরানা পল্টনের মুক্তিভবনে গতকাল শুক্রবার ‘আসন্ন বাজেটে কৃষি-কৃষক ও ক্ষেতমজুরের স্বার্থ রক্ষা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও কৃষক ফ্রন্ট এ আলোচনার আয়োজন করে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, বাংলাদেশে দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে। ফলে মোটা চালের বদলে অন্য খাদ্যের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মেটাতে হলেও কৃষি উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, গ্রামীণ এলাকায় আয়-বৈষম্য বেড়েই চলেছে। বাংলাদেশের জিডিপিতে শস্যের অবদান ১০ শতাংশে নেমে গেছে।
গোলটেবিলে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, বর্তমান নিয়ম পরিবর্তন করে সরকার কৃষিতে যে ভর্তুকি দেয় তা সরাসরি কৃষকের ব্যাংক হিসেবে দেওয়া হলে কৃষক উপকারভোগী হবে। ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সমবায়ভিত্তিক ক্রয়-বিক্রয়ের উপযুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করতে হবে। হাট পর্যায়ে কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে উৎপাদন খরচের ৩০ শতাংশ মুনাফা দিয়ে শস্য কিনতে হবে।
ধানের দাম কমে গেলে গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ে বলে মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, এবার ধানের দাম কম হয়েছে সরকারের উদাসীনতায়। বিপুলভাবে কম দামে ভারতের গুদাম খালি করা চাল আমদানি হলো, সরকার কিছুই করল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার কৃষি খাত নিয়ে ঝাপসা পরিসংখ্যান দিচ্ছে।
শস্য উৎপাদনে উদ্বৃত্ত থাকার পরও এত আমদানি কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তওফিকুল ইসলাম খান।
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি শামছুজ্জামান সেলিম। গোলটেবিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক বক্তব্য দেন।