কৃষির উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষকেরা বর্তমানে বছরে বোরো, সরিষা ও আমন ধান—খুব সহজে এই তিনটি ফসল ফলাচ্ছেন। এতে সময় কম লাগছে এবং অর্থ সাশ্রয় হচ্ছে।গত সোমবার দুপুরে সাতক্ষীরার বাঁশঘাটায় টেকসই ধান বীজ প্রকল্প পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।মজীনা বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের মাধ্যমে বন্যা, খরা ও লবণাক্ততার মতো প্রতিকূল অবস্থায়ও স্বাভাবিকভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে নতুন উচ্চ ফলন ও চাপ সহনশীল ধানের প্রজাতির প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে। কৃষি ও কৃষকদের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে তিনি সিমিট কার্যক্রমের গম ও ভুট্টাখেত পরিদর্শন এবং একটি হ্যাচারির কার্যক্রম পরিদর্শন করেন। ড্যান মজীনা সাতক্ষীরায় আসার আগে দুপুর ১২টার দিকে কলারোয়া উপজেলা সদরে মীর্জাপুর এলাকায় মাটির তৈরি টালি কারখানা পরিদর্শন করেন। বেলা তিনটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সঙ্গে এক সভায় মিলিত হন। আমাদের যশোর অফিস জানায়, ড্যান মজীনা সোমবার বেনাপোল কাস্টম হাউস, বন্দরের শুল্ক গুদাম ও ইমিগ্রেশন চেকপোস্ট কমপ্লেক্স পরিদর্শন করেন।