কৃষির ওপর আরও গবেষণার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ও সংশ্লিষ্ট খাতে আরও নিবিড় গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শস্যের বহুমুখীকরণে বন্যা ও খরাসহিষ্ণু জাত উদ্ভাবনে আমাদের জন্য গবেষণা জরুরি।’বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক। এ সময় সাংসদ মতিউর রহমান, আবদুল মান্নান ও শওকত মোমেন শাহজাহান উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ওয়াহিদ উজজামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ।কৃষিকে অর্থনীতির প্রাণ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব যখন মন্দা ও খাদ্য সরবরাহের ব্যাপক ঘাটতি মোকাবিলা করছে, তখন দেশের অর্থনীতিকে চাঙা রাখার জন্য কৃষকদের ধন্যবাদ জানাচ্ছি।’শেখ হাসিনা গবেষণা ও আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীন হওয়ার আহ্বান জানান।