শুধু শস্য উৎপাদন বাড়ালেই হবে না, কীভাবে তা বাজারজাত করা হবে, তা নিয়েও ভাবতে হবে। আর কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি বিবেচনায় না নিলে কৃষক ও দেশ বিপর্যয়ের মুখে পড়বে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ‘কৃষি ও অ্যাকুয়াকালচারে দক্ষিণাঞ্চলের কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাকের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কৃষি বিশেষজ্ঞরা অংশ নেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম উন্নত ফসলের জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে জমির জলাবদ্ধতা এবং দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা। এ দুই সমস্যা দূর করতে পারলে দেশের দক্ষিণাঞ্চলকে শস্যভান্ডার হিসেবে গড়ে তোলা যাবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনের চেয়ে বড় বিষয় কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক বিপণনব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা। কারণ, যতই উৎপাদন বৃদ্ধি হোক না কেন, কৃষক উৎপাদিত পণ্যের ভালো দাম না পেলে তা কোনো কাজেই আসবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের নির্বাহী চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আবু হানিফ মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক বাবর কবির।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মসূচিপ্রধান সিরাজুল ইসলাম।