কৃষিশ্রমিকদের ট্রেড ইউনিয়নের কথা ভাবছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিশ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার ব্যাপারেও সরকার চিন্তাভাবনা করছে। কৃষিশ্রমিকদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

‘মজুরিবৈষম্য ও কৃষি খাতে নারীর সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারের এ ভাবনার কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। রাজধানীর কারওয়ান বাজারে আজ রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সহযোগিতায় দৈনিক প্রথম আলোর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, কৃষি ও শিল্পক্ষেত্রের পাশাপাশি সাধারণ গৃহকর্মীর বেতনের ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার হন। পুরুষ শ্রমিকদের বেশি মজুরি দেওয়ার চলটি অনেকটাই মানসিক ব্যাপার। তবে শুধু নারীরা নন, পুরুষরাও কৃষি খাতে ন্যায্য মজুরি পান না।
১৯৮৪ সালের কৃষিশ্রম অধ্যাদেশ বিবেচনা করা প্রয়োজন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তখনকার সঙ্গে এখনকার বাস্তবতার অনেক পার্থক্য রয়েছে। সেই হিসাবেই কৃষিশ্রমিকদের মজুরির মানদণ্ড নির্ধারণ করা উচিত।
কেয়ার বাংলাদেশের ইআরপিপির পরিচালক আনোয়ারুল হক বলেন, এ দেশের কৃষি খাতে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না। পুরুষের চেয়ে নারীরা প্রায় ৪৩ শতাংশ কম মজুরি পান। বছরে একজন নারী শ্রমিক একজন পুরুষের চেয়ে ২৪ হাজার টাকা কম মজুরি পান। প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক কারণে নারীরা কাজের সুযোগও কম পান। এসব বৈষম্যের বিরুদ্ধে নারীরা কোথায় অভিযোগ করবেন, তা নিয়েও কোনো নীতিমালা নেই।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কাজের ক্ষেত্রে নারীকে পুরুষের সমান সুযোগ দিতে হবে। হিসাবে পুরুষ শ্রমিকেরা নারীদের চেয়ে আড়াই গুণ বেশি মজুরি পান। কিন্তু তাঁরা নারীদের চেয়ে আড়াই গুণ বেশি কাজ করেন না। পুরুষেরা বেশি উৎপাদনশীল—এমন একটি ট্যাবু আছে সমাজে। এটি ভাঙতে হবে।
গোলটেবিল বৈঠকে নারী শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে নিজেদের অভিজ্ঞতার কথা শোনান কৃষিশ্রমিক কল্পনা আক্তার, গেনি রানী বর্মণ, জমির মালিক নূর জামাল ও কুড়িগ্রামের হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক। নারী কৃষিশ্রমিকেরা বলেন, তাঁরা আগে দৈনিক ৮০ টাকা মজুরি পেতেন, যেখানে পুরুষেরা পেতেন ১৫০ টাকা করে। পরে নারী শ্রমিকেরা সংগঠিত হয়ে মজুরি বৃদ্ধির দাবি জানালে, ৩০ টাকা বেতন বাড়ে। তবে যেসব নারী শ্রমিকেরা তুলনামূলক ভালো কাজ করেন, তাঁদের মজুরি ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। অবশ্য পুরুষদের সবাই একই মজুরি পান, সেখানে ভালো-খারাপের বালাই নেই।
কৃষিতে পুরুষের চেয়ে নারীর অবদান বেশি বলে মন্তব্য করেন জাসদের সাধারণ সম্পাদক ও সাংসদ শিরিন আখতার। তিনি বলেন, নারীদের যেমন গৃহস্থালি কাজের মর্যাদা নেই, তেমনই কৃষিকাজেও মর্যাদা নেই। সংবিধানে শ্রমের বৈষম্য দূর করার কথা বলা আছে। এ জন্য পূর্ণাঙ্গ কৃষিশ্রম আইনের খসড়া নিয়ে কাজ চলছে।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, কৃষিসম্পদে অধিকার না থাকায় মজুরিতে বৈষম্যের শিক্ষার হচ্ছেন নারীরা। একজন নারীর প্রতি বর্তমান দৃষ্টিভঙ্গি বৈষম্যের, এটি সমতার হতে হবে।
কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়ায়েস কবীর বলেন, দেশে এমন কোনো নীতিমালা নেই, যা নারীদের অধিকার নিয়ে উচ্চকিত। সার্বিক পরিবেশ নারীবান্ধব নয়। এর পরিবর্তন হতে সময় লাগবে। সচেতনতা যত বাড়বে, বৈষম্যের হারও তত কমবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজার মোহাম্মদ সিদ্দিকী, বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের ওসমান হারুনী, কেয়ার বাংলাদেশের পাথওয়েজ প্রকল্পের টিম লিডার কাকলী তানভীন প্রমুখ।