কৃষিসেবা পেতে ২৭৬৭৬
২৭৬৭৬। এ নম্বরে ডায়াল করলে মিলবে যেকোনো ধরনের কৃষিবিষয়ক সেবা। আর এ সেবাটি চালু করেছে মুঠোফোন কোম্পানি গ্রামীণফোন। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জিপি কৃষিসেবা’ নামের এ সেবার উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ সেবা ব্যবহার করে কৃষকেরা মূলত শস্য উৎপাদন, শাক-সবজি, মৎস্য চাষ, গবাদি পশু পালন ও পুষ্টিসহ পাঁচ ধরনের কৃষি তথ্য পাবেন। শুধু সেবা নয়, কৃষিকাজে যেকোনো সমস্যা সমাধানের জন্য তথ্যগত সহায়তা মিলবে এ সেবায়। যেমন কেউ মাছ চাষ করতে চাইলে তিনি ওই নম্বরে ডায়াল করবেন। কোন ধরনের মাছ চাষ করতে চান তা বলবেন। তখন এ ব্যাপারে অপর প্রান্ত থেকে পরামর্শ দেওয়া হবে। আবার রেকর্ড করা কোনো পরামর্শ ‘ভয়েস ম্যাসেজ’ সংশ্লিষ্ট কৃষকের মুঠোফোনে চলে যাবে। এ ছাড়া কেনা বীজে ভেজাল আছে কী না সেটিও জানা যাবে এ সেবায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, একজন কৃষক সর্বোচ্চ তিন রকমের সেবা বেছে নিতে পারবেন। এ সেবা পেতে প্রতি সপ্তাহে খরচ হবে পাঁচ টাকা। আবার কৃষকেরা সরাসরি অ্যাগ্রো কল সেন্টারে ফোন করে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন প্রতি মিনিট তিন টাকা করে।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন, হেড অব কমিউনিকশেন নেহাল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।