কৃষি-উপকরণ ব্যবসায় ১৫০ নারীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা কৃষির গুরুত্বপূর্ণ উপকরণ বীজ, সার ও বালাইনাশক বিক্রিতে সাফল্য অর্জন করায় তাঁদের নিয়ে সাফল্য উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা শহরের একটি অভিজাত হোটেলে দক্ষিণাঞ্চলের ১৮ জেলার ১৫০ জন নারীকে নিয়ে এ উদ্‌যাপন করে ইউএসএআইডি অ্যাগ্রো-ইনপুটস প্রোজেক্ট ইন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। সভাপতিত্ব করেন ইউএসএআইডির অ্যাগ্রো-ইনপুটস রিটেইলার্স নেটওয়ার্ক (এআইআরএন) প্রকল্পের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন অ্যাগ্রো-ইনপুটস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড পলিসি অ্যাডভাইজার সরদার মো. সালাহউদ্দিন।

আবদুস সামাদ তাঁর বক্তৃতায় বলেন, ‘নারীদের আমরা অনেক কিছু থেকে বঞ্চিত করে রাখি। তারপরও বাংলাদেশের অনেক ক্ষেত্রে নারীরাই প্রথম স্থানে রয়েছেন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সব জায়গায় নারীর অংশগ্রহণ বাড়ছে। নারীদের যত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা যাবে, তত বেশি পরিবার ও দেশের আর্থিক অগ্রগতি বৃদ্ধি পাবে।’ তবে তিনি বালাইনাশক কম ব্যবহার করে কীভাবে খাদ্যের উৎপাদন বাড়ানো যায়, সেদিকে লক্ষ রাখতে সংশ্লিষ্ট লোকজনের প্রতি আহ্বান জানান।

সার বিক্রিতে নারীদের লাইসেন্স ও ডিলারশিপ দেওয়া যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন।

সফল উপকরণ বিক্রেতা হিসেবে নিজের সাফল্য তুলে ধরেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাদিজা বেগম। তিনি বলেন, তাঁর স্বামীর সার ও বীজ বিক্রির ছোট একটি দোকান ছিল। সেখান থেকে যে আয় হতো, তা দিয়ে সংসার চালানো কঠিন হতো। এ কারণে তিনি বিকল্প আয়ের চিন্তা থেকে এআইআরএন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে নিজেই ব্যবসা শুরু করেন। ওই প্রকল্প থেকে কিছু উপকরণ ও এক হাজার ডলার দেওয়া হয়। বর্তমানে ওই দোকান থেকে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় মোট তিন হাজার কৃষি-উপকরণ বিক্রেতা তৈরি করা হবে, যার ১০ শতাংশ, অর্থাৎ ৩০০ জন হবেন নারী। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের ১৮টি জেলার ১৫০ জন নারী বিক্রেতাকে বাছাই করে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকে এখন মাসে ১০ লাখ টাকা পর্যন্ত বেচাকেনা করছেন।

ব্যবসার ক্ষেত্রে বেশি সাফল্য অর্জন করায় ১০ জন নারীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।