কৃষ্ণকলির গৃহকর্মী আত্মহত্যা করেছেন: ময়নাতদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী কৃষ্ণকলির বাসার গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পী আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদন আদালতে জমা দিয়ে কৃষ্ণকলির স্বামী খালেকুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছে পুলিশ। খালেকুর ইতিমধ্যে জামিনও পেয়েছেন।

আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গৃহকর্মী জান্নাত আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক সে বিষয়টি উল্লেখ করেছেন। তাই মামলায় গ্রেপ্তার খালেকুর রহমানকে অব্যাহতি দেওয়ার আবেদন করছি।
আদালত সূত্র জানায়, গত ৩১ মার্চ ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই জামিন দেন খালেকুরকে। একই দিন তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুশীল চন্দ্র।
গত ৩০ মার্চ ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আ খ ম শফিউজ্জামান।
২৩ মার্চ কৃষ্ণকলির শেরেবাংলা নগরের বাসা থেকে জান্নাতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৪ মার্চ খালেকুরকে পুলিশ গ্রেপ্তার করে।
রাজধানীর আগারগাঁওয়ে কৃষ্ণকলির বাসায় আত্মহত্যার দেড় মাস আগে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন জান্নাত। তাঁর বাড়ি নেত্রকোনোর পূর্বধলা উপজেলার কালডুয়ার গ্রামে।