কৃষ্ণকলির স্বামী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী জান্নাতুল আক্তারের (১৭) মৃত্যুর ঘটনায় পুলিশ কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের স্বামী খালেকুর রহমানকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে।
গতকাল বিকেলে শেরেবাংলা নগর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গৃহকর্মী জান্নাতুলের মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ কারণে জান্নাতুলের গৃহকর্তা খালেকুর রহমানকে সন্দেহজনক (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার সন্ধ্যায় কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলামের স্বামী খালেকুর রহমান আগারগাঁওয়ের তালতলার বাসা থেকে তাঁদের গৃহকর্মী জান্নাতুলকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে খালেকুর রহমান দাবি করেন, জান্নাতুল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে গৃহকর্মী জান্নাতুলের মা হালেমা খাতুন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। জান্নাতুলের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার কালদোয়ারে।
মর্গ সূত্র জানায়, গতকাল জান্নাতুলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সে ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।