কৃষ্ণচূড়া আবাসিকে নতুন পানিনিষ্কাশন পথ হচ্ছে

মিরপুর ১ নম্বর মাজার রোড এলাকার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি বড় রাস্তা ও তিনটি গলিতে নতুন করে পানিনিষ্কাশন পথ নির্মাণ করা হচ্ছে। এতে করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে যাচ্ছে।
গত শনিবার সেখানে গিয়ে দেখা যায়, পাইপ বসানোর জন্য রাস্তাজুড়ে মাটি খনন চলছে। বড় রাস্তা ও মণ্ডল বেকারি গলি দিয়ে চলাচল করা যাচ্ছে না। রাস্তা ছোট হওয়ায় এলাকাবাসী যাতায়াতের সমস্যায় পড়েছেন। রাস্তা ও গলি চলাচলের উপযোগী রাখতে অতিরিক্ত মাটি ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। আপাতত ওই এলাকায় যান চলাচল বন্ধ আছে। কোথাও নতুন ম্যানহোল নির্মাণ করা হচ্ছে। পুরোনো পাইপ তুলে নতুন পাইপ বসানো হচ্ছে।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অনেক দিন ধরেই পানিনিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার কারণে লোকজন কষ্ট পাচ্ছিলেন। বর্তমানে চলাচলে কিছুটা সমস্যা হলেও স্থানীয় লোকজন বিষয়টি মেনে নিয়েছেন। নতুন পানিনিষ্কাশন পথ হয়ে গেলে এলাকায় আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না। নর্দমায় ময়লা আটকাবে না, পানি উপচে উঠবে না।
বড় রাস্তার বাসিন্দা রুমা বেগম বলেন, আগে রাস্তা ভালো ছিল না। জায়গায় জায়গায় পানি আটকাত, সরত না। নিষ্কাশনব্যবস্থাও খারাপ ছিল, ড্রেন উপচে পানি উঠত।
কাজ শুরু হয়েছে প্রায় ১৫ দিন। চার রাস্তায় মোট ২৯৮ মিটার জায়গায় পাইপ বসানো হচ্ছে। পুরোনো ১৮ ইঞ্চি ব্যাসের পাইপ তুলে নতুন ৩৬ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে ৩০টি ম্যানহোল। কাজ চলছে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে। প্রকল্প ব্যয় ৪৪ লাখ টাকা। কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আভা এন্টারপ্রাইজ। নতুন এই পানিনিষ্কাশন পথ দিয়ে পানি চলে যাবে দক্ষিণ বিশিল খালে। পানিনিষ্কাশন পথ নির্মাণের পর চার সড়কেই কংক্রিটের ঢালাই দিয়ে নতুন রাস্তা করা হবে।
জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাজ শুরু করেছি বেশি দিন হয়নি। দ্রুতগতিতে এগোচ্ছে। পুরো কাজ শেষ হতে আরও সময় লাগবে। ঈদের আগেই পাইপলাইনের কাজ শেষ করব। রাস্তা সমান করে রাখব। ঈদের পরপরই সিসি ঢালাই দেওয়া হবে।’