কৃষ্ণপুরের চাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে খাল-বিল, ডোবা-নালা ও মাঠ-ঘাট ভরে যায় পানিতে। বিভিন্ন ধরনের জালের পাশাপাশি বাঁশের তৈরি চাঁই দিয়ে মাছ শিকার করে স্থানীয় লোকেরা। ভরা বর্ষায় এ অঞ্চলে চাঁইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। চাঁই তৈরি ও ব্যবহার করে জীবিকা নির্বাহ করে কয়েক হাজার মানুষ। বাঁশের এ চাঁই তৈরি করে স্বাবলম্বী হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ২০০টি পরিবার।স্থানীয় সূত্র জানায়, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে রামকৃষ্ণপুর গ্রাম। জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রামটিতে চাঁই তৈরির কাজ চলে। জুলাই মাস থেকে বিক্রি শুরু হয়। গ্রামটিতে ২৫০টি পরিবারের বসবাস। এর মধ্যে ২০০টি পরিবারেই চাঁই তৈরি হয়। এ গ্রামে এসে শ্রমিক হিসেবে কাজ করে পাশের মানিকনগর, ডুবিসায়বর ও মোল্যাকান্দি গ্রামের চার শতাধিক মানুষ। চাঁই তৈরির জন্য দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে বাঁশ আমদানি করা হয়। প্রতিটি বাঁশে ছয়টি চাঁই তৈরি করা সম্ভব। একটি চাঁই তৈরি করতে বাঁশ, মজুরি, গুনা ও সুতার পেছনে খরচ হয় ১০০ থেকে ১১০ টাকা। বিক্রি করা যায় ১৪০ থেকে ১৫০ টাকায়।প্রতিদিন ওই গ্রামে এক হাজার ২০০ থেকে দেড় হাজার চাঁই তৈরি হয়। একটি চাঁই তৈরি করতে একজন শ্রমিক ৪০ টাকা হারে পারিশ্রমিক পান। প্রতিদিন একজন শ্রমিক আট থেকে ১০টি চাঁই তৈরি করতে পারেন। তৈরি করা এসব চাঁই জাজিরা উপজেলার কাজীরহাটে বিক্রি করা হয়। সপ্তাহে দুই দিন বসে চাঁইয়ের হাট।চাঁই তৈরির উদ্যোক্তা রামকৃষ্ণপুর গ্রামের আবদুর রব বলেন, ‘১৫ বছর আগে ১০ হাজার টাকা মূলধন নিয়ে এ ব্যবসা শুরু করেছি। এ গ্রামের অধিকাংশ মানুষকে এ পেশায় আসতে সহায়তা করেছি। এখন আমার মূলধনের পরিমাণ ১০ লাখ টাকা।’বড়কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘রামকৃষ্ণপুর গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র ছিল। চাঁই তৈরির সঙ্গে জড়িয়ে তারা এখন স্বাবলম্বী। এ ইউনিয়নের অন্য গ্রামের চেয়ে এ গ্রামের বাসিন্দারা এখন অনেক বেশি সচ্ছল।’