২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কে আগে কে পরে শ্রদ্ধা জানাবেন, তা নিয়ে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদকে।
নাগরিকদের অভিযোগ, প্রশাসনের খবরদারিটা বেশি ছিল। এ কারণেই এমনটা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে শহীদ মিনারে উপস্থিত থেকে দেখা গেছে, পুলিশ কর্তাদের নাম ঘোষণার আগে ‘মাননীয়’ না বলায় রাত ১১টা ৪৫ মিনিটের সময় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে ডেকে শাসিয়েছেন আসাদ নামের এক পুলিশ কর্মকর্তা। এর কিছুক্ষণ পর সাংসদদের আগে কেন মুক্তিযোদ্ধা সংসদের নাম বলা হয়েছে, তার কৈফিয়ত চাইলেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস ও জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম। এ সময় দুঃখ প্রকাশ করেন ঘোষণায় থাকা বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল।
এই দুটি ঘটনার পর ঘোষণা চলছিল সাংসদদের পর জেলা পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধা নিবেদন করবেন। কিন্তু তাতে ক্ষুব্ধ হন পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংসদেরা আগে শ্রদ্ধা জানাবেন ঠিক আছে। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান তাঁদের পরে হতে পারেন না। এর একটু পরে নিয়ন্ত্রণকক্ষে থাকা জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম বলেন, ‘আগামী পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকব। সুতরাং এই পাঁচ বছরে সঠিকভাবে ঘোষণা করতে হবে।’
এ সময় পুলিশ সুপার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়। কিন্তু একটু বাদে জানা যায়, বিভাগীয় কমিশনার অসুস্থ থাকায় তিনি আসবেন না। তবে বিভাগীয় প্রশাসন শ্রদ্ধা জানাবে। এমন সময় আবার পুলিশ সুপার এসে নির্দেশনা দেন, বিভাগীয় কমিশনারের অবর্তমানে বিভাগীয় প্রশাসনের নাম আগে নয়, আগে বলতে হবে ডিআইজির নাম। এমন পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়ে ৩০ বছরের সংগঠন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
একপর্যায়ে কেউ আর কারোর নাম ঘোষণা করতে রাজি হচ্ছিলেন না। তারপরও রাত ১২টা ১ মিনিটে পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী সাংসদদের পর ডিআইজির নাম আগে ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয় বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন এসে বিষয়টির কৈফিয়ত চান।
প্রশাসন ও রাজনৈতিক নেতাদের এমন আচরণে হতবাক হন শিক্ষাবিদসহ শ্রদ্ধা নিবেদন করতে আসা নাগরিকেরা। এ সময় অনেকেই প্রশ্ন তোলেন ‘এটা কি শ্রদ্ধা নিবেদন নাকি পদমর্যাদা দেখানোর কাজ।’
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘৩০ বছরের মধ্যে এবার প্রশাসন সমন্বয় পরিষদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। পুলিশ প্রশাসন থেকে আমাকে ডেকে নিয়ে শাসানো হয়েছে। আমরা এসব ঘটনায় হতবাক।’
পরিষদের সভাপতি এস এম ইকবাল বলেন, ‘এর আগে কখনো এ রকম হয়নি। আমি মনে করি, এটা একধরনের ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান করা যাবে।’
সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ দুলাল বলেন, ‘প্রশাসনের খবরদারিটা বেশি ছিল। এবারই আমাদের প্রথম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এ রকম পরিস্থিতিতে আগামীতে পড়তে চাই না।’
যোগাযোগ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো রাষ্ট্রীয় শিষ্টাচারের মধ্যে পড়ে না। নিয়ম অনুযায়ী প্রশাসনের মধ্যে বিভাগীয় কমিশনারের নাম আগে যাবে। এটা কেউ পরিবর্তন করতে পারে না।’