কে এই যুবক?

কখনো হাসপাতালের গেটে, কখনো জরুরি বিভাগের মেঝেতে আবার কখনো বা হাসপাতালের বহির্বিভাগে পড়ে থাকতে দেখা যায়। বেশ কিছুদিন ধরে এভাবেই দেখা যাচ্ছে এক যুবককে। তিনি অগ্নিদগ্ধ। বাক্প্রতিবন্ধী। তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কাটা। বাম পা পোড়া। সেখানে বাঁধা ব্যান্ডেজ।
হাসপাতালের সার্জারি বিভাগের খাতায় আনুমানিক ২২ বছর বয়সী এই যুবকের নাম লেখা হয়েছে আব্বাস।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে ওই যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় তিন-চারজন লোক হাসপাতালে নিয়ে আসেন। ওই দিন অজ্ঞাতনামা হিসেবে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালের নিয়ন্ত্রণাধীন ট্রমা সেন্টারে।
ট্রমা সেন্টারের সেবিকা উম্মে সালাম বলেন, যুবকের পায়ে গ্যাংগ্রিন হয়েছিল। তাঁর বাম পায়ে অস্ত্রোপচার করা হয়। গত ২ এপ্রিল তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ওই যুবককে আবার ২৪ এপ্রিল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। তাঁর দেখাশোনা করার কেউ না থাকায় এবং বেডে পায়খানা-প্রস্রাব করায় সমস্যা হচ্ছিল। পরে ৩০ এপ্রিল তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে সার্জারি বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজন জানান, গত ৩০ এপ্রিল স্বাস্থ্যসচিব মঞ্জুরুল হক হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি আসার আগে ওই যুবককে তড়িঘড়ি করে শয্যা থেকে নামিয়ে দেওয়া হয়।
৩০ এপ্রিল থেকে গতকাল রোববার পর্যন্ত ওই অসুস্থ যুবক হাসপাতাল এলাকায় রয়েছেন। কখনো হাসপাতালের প্রধান ফটকের পাশের গার্ড রুমের পাশে, কখনো জরুরি বিভাগে আবার কখনো বা বহির্বিভাগে তাঁকে দেখা যাচ্ছে।
হাসপাতাল এলাকার বাসিন্দা মো. সিলটন বলেন, গত শনিবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ওই যুবককে হাসপাতালের গেটের পাশে ভিজতে দেখা যায়। বৃষ্টিতে ভিজে তাঁর কাঁপুনি উঠে যায়। পরে তিনি বাড়ি থেকে গামছা এনে যুবককে মুছে কোলে করে হাসপাতালের জরুরি বিভাগের পাশে রেখে আসেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম আজাদ বলেন, ‘ওই যুবককে নিয়ে আমরা বিপাকে পড়েছি। ওর স্বজনদের পরিচয় জানি না। ওর জন্য সার্বক্ষণিক একজন সাহায্যকারী (এটেনডেন্ট) প্রয়োজন। কিন্তু হাসপাতাল থেকে তা ব্যবস্থা করা সম্ভব নয়। আমরা এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরের সাহায্য চেয়েছিলাম। কিন্তু তাদের কোনো সাড়া পাইনি।’