কে এই যুবক?

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঁচ দিন ধরে এক যুবক চিকিৎসাধীন। ২৬-২৭ বছর বয়সের এই যুবক ডান পায়ের হাঁটুর নিচে থেঁতলানো জখম নিয়ে ২৩ মার্চ সকালে হাসপাতালে আসেন। তিনি নিজের পরিচয় কিংবা কীভাবে এখানে এসেছেন, তা বলতে পারছেন না। অজ্ঞাতনামা হিসেবে তাঁকে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, সার্জারি ওয়ার্ডের ৬ নম্বর শয্যায় চিকিৎসাধীন ওই যুবক এখন কিছুটা সুস্থ। তবে অপরিচিত লোকজন দেখে শুধু চারদিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন তিনি। হাসপাতালের অন্য রোগী ও তাঁদের স্বজনেরা ওই যুবককে চারদিকে দাঁড়িয়ে নানা প্রশ্ন করছেন। পরিচয় জানার চেষ্টা করছেন। কর্তব্যরত নার্সরাও যুবকটির পরিচয় জানার চেষ্টা করছেন। তবে ওই যুবকের ভাষা কেউ বুঝতে পারছেন না। মনে হচ্ছে শুধু আকার-ইঙ্গিতে তিনি বোঝাতে চাচ্ছেন, ট্রলার-সাগর এবং তাঁর অপর ১০ জন সঙ্গী ছিল।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুর রহিম জানান, ২৩ মার্চ সকালে জখম অবস্থায় হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করে চিকিৎসাসেবা দিতে থাকেন। যুবকটির কথাবার্তা বোঝা যাচ্ছে না। তাই বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।