কে এম শিহাবউদ্দিনের ইন্তেকাল

বিশিষ্ট কূটনীতিবিদ কে এম শিহাবউদ্দিন (৭৫) বার্ধক্যের কারণে গত বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শিহাবউদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে দিল্লির পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় স্ত্রী ও দুই শিশুর জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে কূটনৈতিক পর্যায়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।
শিহাবউদ্দিনের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার মোহাম্মদপুর গ্রামে। জীবদ্দশায় তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, ইয়েমেন, কুয়েত, হাঙ্গেরি, পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইউনেসকো ও বিশ্ব পর্যটন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
শিহাবউদ্দিনের মরদেহ গত শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক¯প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।