কে এম সিরাজুল ইসলাম মারা গেছেন

বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক ড. কে এম সিরাজুল ইসলাম ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের কলম্বাসে ছেলের বাসভবনে বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণের অন্যতম এই অগ্রপথিকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কে এম সিরাজুল ইসলাম ১৯৩৩ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে প্রথম বিভাগে প্রথম হন তিনি। ১৯৬৭ সনে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৭৬-১৯৮০ এবং ১৯৮৮-১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিজ্ঞান জাদুঘরের পরিচালকের দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম। তরুণদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বত্সর বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করেন তিনি। এ ছাড়া বিজ্ঞান জাদুঘরে বিজ্ঞান সম্পর্কে নিয়মিত আলোচনা সভা, কর্মশালার আয়োজনও করেন। ১৯৭৯ সালে তিনি প্রথম একটি টেলিস্কোপ সংগ্রহ করে বিজ্ঞান জাদুঘরে স্থাপন করেন। এমনকি চন্দ্রপৃষ্ঠ থেকে অ্যাপোলো-১১ নভোচারীর সংগৃহীত মাটি তিনি বিজ্ঞান জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ভাইস-প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম কর্মজীবনে ঢাকা কলেজের শিক্ষকতা, বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ, ন্যাশনাল সিলেবাস কমিটির উপপরিচালক, ডিরেক্টর অব বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিসট্যান্ট এডুকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। (বিজ্ঞপ্তি)