কে কোথায়, বাঁধ ভেঙে গেছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁধ ভেঙে পানি গ্রামে ঢুকে যাওয়ায় দিশেহারা মানুষ। নিজের সঙ্গে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে গবাদিপশু। ছবিটি আজ সকালে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী
বাঁধ ভেঙে পানি গ্রামে ঢুকে যাওয়ায় দিশেহারা মানুষ। নিজের সঙ্গে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে গবাদিপশু। ছবিটি আজ সকালে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান রনী

‘আপনারা কে কোথায় আছেন, বাঁধ ভেঙে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।’ গতকাল রোববার রাতে এ ঘোষণা ভেসে আসে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর জয়দেব সরকার ডাঙ্গি জামে মসজিদ থেকে।

গতকাল রাত নয়টার দিকে আচমকা সরকার ডাঙ্গি গ্রামের নতুন দোকানের মোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার বিলীন হয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরছাড়া হয় চর হোসেনপুর, জয়দেব সরকারের ডাঙ্গি, মধু ফকিরের ডাঙ্গি, ঢালার পাড় ও পূর্ব আলিয়াবাদ গ্রামের ৩০০ পরিবার। পানির তোড়ে ভেসে গেছে তিনটি বাড়ি। বন্যার্ত এসব মানুষ এখন ঠাঁই নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও রাস্তার ওপর।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোচম শেখ বলেন, ‘আমি ওই সময় বাড়িতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দুটি জাহাজে গুঁতা লাগার মতো বিকট শব্দ হলো। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে দেখি আমার ভাই খোকন শেখের দুটি বাড়ি পানির স্রোতে ভেসে যাচ্ছে।’


ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের মাইক থেকে ঘোষণা শুনে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে দিগ্‌বিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে।

এলাকার বাসিন্দা আইয়ুব ব্যাপারী জানান, ‘বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও গবাদিপশু নিয়ে বাঁধ ও রাস্তায় আশ্রয় নিই। বাড়ি থেকে প্রয়োজনীয় আর কোনো জিনিস আনতে পর্যন্ত পারিনি।’

ওই এলাকার আরেক বাসিন্দা অরুণ বালা বলেন, বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে ঘরে পানি ঢুকে যায়। এক ঘণ্টার মধ্যে বাড়ি ঘর বুকসমান পানির নিচে।

আজ ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখা যায়, বাড়িঘর ছেড়ে লোকজন এখন রাস্তার ওপর পলিথিন টানিয়ে এর নিচে মানবেতর জীবন যাপন করছে। শিশুরা কান্নাকাটি করছে। পানিতে ডুবে গেছে চর আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর নটাখেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।


ওই এলাকার ইউপি সদস্য (২ নম্বর ওয়ার্ড) বাবুল প্রামাণিক বলেন, আজ সকাল পর্যন্ত বাঁধ ও রাস্তায় আশ্রয় নেওয়া মানুষের জন্য কোনো ত্রাণ আসেনি। খাবারের অভাবে শিশুরা কান্নাকাটি করছে। মনে হয় দুর্ভিক্ষ লেগে গেছে। সকালে শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কিছুটা শুকনা খাবারের ব্যবস্থা করা হবে।

গাজীরটেক ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, বেড়িবাঁধ ভাঙার ফলে জয়দেব সরকারের ডাঙ্গি, চর অযোধ্যা, ছিটাডাঙ্গি, ঢালার পাড়, চর হোসেনপুর, শিকদার ডাঙ্গি, কোহেল মাতুব্বরের ডাঙ্গি, চর অমরাপুরসহ বেশ কয়েকটি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে।

বন্যার পানিতে বাড়ি ছেড়ে এখন রাস্তায়। নেই খাবারদাবারের আয়োজন। কিন্তু সন্তানের মুখে খাবারতো জুটাতে হবে। তাই সন্তানকে সঙ্গে নিয়ে পানিতে নেমে রান্নার জন্য ভেজা পাটকাঠিই সংগ্রহ করছে এক মা। ছবিটি আজ সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী
বন্যার পানিতে বাড়ি ছেড়ে এখন রাস্তায়। নেই খাবারদাবারের আয়োজন। কিন্তু সন্তানের মুখে খাবারতো জুটাতে হবে। তাই সন্তানকে সঙ্গে নিয়ে পানিতে নেমে রান্নার জন্য ভেজা পাটকাঠিই সংগ্রহ করছে এক মা। ছবিটি আজ সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম প্রথম আলোকে বলেন, ইঁদুরের গর্ত, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করা ও বাঁধের নিচের মাটি আলগা হয়ে যাওয়ায় এ বিপর্যয় ঘটেছে। এই মুহূর্তে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব নয়। পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা সিদ্দিকা জানান, আজ দুপুরে বাঁধ ভেঙে গৃহহীন ৩০০ পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বন্যার কারণে ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চবিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।


আজ ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে উল্লেখ করে সাংবাদিকদের জানান, বন্যাকবলিত তিনটি উপজেলার ২ হাজার ৭৫৭ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. কাসিমউদ্দীন প্রথম আলোকে জানান, তিনটি উপজেলায় ১৩৫ হেক্টর আউশ, ৬৯৭ হেক্টর বোনা আমন, দুই হেক্টর রোপা আমন বীজতলা, পাঁচ হেক্টর রোপা আমন ও ৭৫ হেক্টর জমির শাকসবজি পানিতে তলিয়ে গেছে।