কে ছাড়াবে চাষাঢ়া গোলচত্বরের জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরীর চাষাঢ়া গোলচত্বর এলাকায় যানজট। গত মঙ্গলবার তোলা ছবি l ছবি: প্রথম আলো
নগরীর চাষাঢ়া গোলচত্বর এলাকায় যানজট। গত মঙ্গলবার তোলা ছবি l ছবি: প্রথম আলো

ফুটপাতে হকার। তার ওপর রাস্তা দখল করে গাড়ির স্ট্যান্ড। সঙ্গে চাষাঢ়া রেলক্রসিং ১৭ ঘণ্টায় ১৩ জোড়া ট্রেনের কারণে ২৬ বার বন্ধ রাখা। এসব কারণে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়া গোলচত্বরে সারাক্ষণ যানজট লেগে থাকে। স্থবির হয়ে পড়ে আশপাশের এলাকাও।
প্রথম আলোর অনুসন্ধান ও পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে চাষাঢ়ায় ভয়াবহ যানজটের পেছনে এসব কারণ চিহ্নিত হয়েছে। সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক এবং শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত অংশের মোহনা হিসেবে পরিচিত চাষাঢ়া গোলচত্বর। মুন্সিগঞ্জের মুক্তারপুরে পাঁচটি বড় সিমেন্ট কোম্পানি থেকে শুরু করে ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগর এবং আশপাশের কয়েক শ রপ্তানিমুখী পোশাক কারখানার পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল করে এই গোলচত্বর হয়ে। এর মধ্যে রয়েছে কনটেইনার মুভার, কাভার্ডভ্যান, বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, টু স্ট্রোক ইঞ্জিনের টেম্পো, রিকশা—সবই।
চাষাঢ়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের একটি ক্রসিং রয়েছে। সকাল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ জোড়া ট্রেন ২৬ বার যাতায়াত করে। এ কারণে (প্রতিটি ট্রেনের জন্য ১২ মিনিট) প্রতিদিন ৫ ঘণ্টা ২০ মিনিট যান চলাচল বন্ধ রাখতে হয়।
সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল চেঞ্জেস ছাড়াও ১০টি ব্যস্ততম সুপার মার্কেট ও রোগনির্ণয়কেন্দ্র রয়েছে চাষাঢ়া গোলচত্বর এলাকায়। এ ছাড়া আছে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ জিয়া হল। শহীদ জিয়া হল প্রাঙ্গণে বছরের বেশির ভাগ সময়েই চলে নানা বাণিজ্যিক মেলা। শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে চাষাঢ়া গোলচত্বর সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদভারে মুখর থাকে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া রাইফেল ক্লাব প্রান্তে হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, টু স্ট্রোক ইঞ্জিনের টেম্পো ও ব্যাটারিচালিত রিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরোটাই ভ্যানে করে ফলের দোকানের দখলে। রয়েছে অবৈধ স্ট্যান্ড। চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনেও অবৈধ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় গড়ে তোলা এসব স্ট্যান্ডের যানবাহন থেকে প্রকাশ্যেই চাঁদা তোলা হয়।
চাষাঢ়ায় মহিলা কলেজের ফটকের সামনে আনন্দ পরিবহনের বাস ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড। চাষাঢ়া গোলচত্বরের আশপাশের পুরো ফুটপাতই হকারদের দখলে। এর ফলে মানুষ রাস্তা দিয়ে চলে। কিন্তু সেই রাস্তারও একটা অংশ গাড়ির দখলে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী অংশের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেসব কারণে গাড়ি চলে ধীর গতিতে। তাতে যানজটের সৃষ্টি হয়ে চলে যায় চাষাঢ়া গোলচত্বরে।
সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ইশরাত নাহিদ বলেন, চাষাঢ়ায় যানজটের কারণে রিকশায় করে গেলে ঠিক সময়ে কলেজে পৌঁছানো যায় না। তাই বেশির ভাগ সময়ে হেঁটে কলেজে যান। কিন্তু সেখানেও ভোগান্তি। ফুটপাত থাকে হকারদের দখলে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, চাষাঢ়া গোলচত্বরের যানজট শহরের অন্যান্য সড়কেও প্রভাব ফেলে। এতে দুর্ভোগের শেষ নেই। যানজটের কারণে রিকশা ভাড়া বেশি দিতে হয়। তিনি বলেন, চাষাঢ়া গোলচত্বরের যানজট নিরসনে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত কর্মপরিকল্পনা দরকার।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ফুটপাত দখল, রাস্তা দখল করে অবৈধ স্ট্যান্ড ও চাষাঢ়া রেলক্রসিং দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে যানজট লেগে থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এর সঙ্গে যুক্ত হয়েছে লিংক রোডের চাঁদমারী অংশের ভোগান্তি। সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। লিংক রোড সংস্কারে সওজকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় সওজ তা করতে পারছে না। তিনি আরও বলেন, চাষাঢ়ার যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে ট্রাফিক পুলিশ। সংকট নিরসনে তিনি নাগরিকদের ট্রাফিক আইন মেনে যান চলার অনুরোধ জানিয়েছেন।