‘নির্বাচনকালীন মন্ত্রিসভা’য় কারা থাকবেন এবং কারা বাদ যাবেন, তা আগামীকাল মঙ্গলবার জানা যাবে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ বিষয়ে আলোচনার জন্য তিনি গণভবনে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মঙ্গলবার তিনটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে দুটি হলো প্রজ্ঞাপন জারি ও দপ্তর বণ্টন। তবে তৃতীয় বিষয়টি আগামীকাল জানানো হবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আজকে নতুন মন্ত্রিসভার শপথের আগে ও পরে অনেক পরিবর্তন হয়েছে। জিয়াউদ্দিন বাবলুকে প্রথমে মন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে উপদেষ্টা করা হয়েছে। তিনি বলেন, শপথের পর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। সে সময়ে অনেক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে এখনই এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করা যাচ্ছে না। সে জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।