কে দাঁড়াবে আবদুল গফফার ও জাহিমার পাশে

দুই দিন যাবৎ এক বেলা করে খেয়ে আছেন। মাথা গোঁজার যে বাঁশের বেড়াঘর, সেটাও এক সপ্তাহ আগে কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে। তাই এখন দিনরাত যাচ্ছে খোলা আকাশের নিচে না খেয়ে। এই নিঃসন্তান পরিবারকে দেখারও কেউ কি নেই?
নিঃসন্তান দম্পতি আবদুল গফফার (৭০) ও জাহিমার (৬৫) বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রামে। দিনমজুর গফফার এখন মানবেতর জীবন যাপন করছেন।

তাঁরা দুজনেই মানুষের বাড়িতে দিনমজুরি করে কোনো রকমে দিন অতিবাহিত করেন। কিন্তু করোনার প্রকোপের কারণে প্রায় এক মাস ধরে কোনো কাজ করতে পারছেন না। তাই কোনো দিন খেয়ে না খেয়ে, কোনো দিন পাটশাক খেয়ে দিন অতিবাহিত করছে এই পরিবার। এরই ভেতর কালবৈশাখীতে একমাত্র ঘরটিও গেছে পড়ে। এটি মেরামতের চেষ্টা করছেন।

পরিবারটি এখন পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বরের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি। আবদুল গফফার কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘হামাক কাহোয় কোনো কিছু দিলেক না। দুই দিন থাকি পাটশাক খায়া আছি বারে।’
লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাহিত্য সম্পাদক রাবি বন্ধুসভা।