চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ খেটে খাওয়া মানুষের কর্মক্ষমতা ফিরে পাওয়া নিয়ে শঙ্কা
কে দেখবে তাঁদের?
রিকশাচালক ফজলুর রহমান (৫৩) গত ১৬ জানুয়ারি দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন। দুই হাত ও কোমর থেকে পায়ের নিচের অংশ পুড়ে যায় তাঁর। ২৩ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।
তবে বাড়ি ফিরে গেলেও অন্যের সহায়তা নিয়ে হাঁটতে হচ্ছে ফজলুর রহমানকে। তিনি জানান, এখনো হাতে জোর পাচ্ছেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হলেও ভবিষ্যতে তিনি রিকশা চালানোর মতো ভারী কোনো কাজ করতে পারবেন না।
টানা অবরোধ ও হরতালে চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ হওয়া খেটে খাওয়া মানুষেরা সুস্থ হয়ে উঠলেও তাঁদের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসকেরা। শারীরিক ও মানসিক ক্ষতি কাটিয়ে উঠতে তাঁদের কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
এ বিষয়ে জাতীয় বার্ন ইউনিটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দগ্ধ লোকগুলোর শারীরিক ক্ষতি তো হয়েছেই। আগের মতো ভারী কাজ সবাই হয়তো তাঁরা করতে পারবেন না। অনেকে মানসিক শক্তিও হারিয়েছেন। এ জন্য তাঁদের কাউন্সেলিং দরকার। ঢাকায় আমরা এই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছি। সেটা চট্টগ্রামেও করা দরকার।’
অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পেট্রলবোমায় দগ্ধ ২৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে পরিবহনশ্রমিক ১০ জন, রিকশা ও ভ্যানচালক দুজন, নির্মাণশ্রমিক একজন এবং ১২ জন বিভিন্ন দোকান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন ও পিকআপ ভ্যানচালক আলী হোসেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন চারজন।
হাসপাতাল ছাড়ার সময় আলী হোসেন জানান, হাত দুটি এখন মুষ্টিবদ্ধ করতে পারেন না। একই অবস্থা সাদ্দাম হোসেনেরও।
বার্ন ইউনিটে কথা হয় বিক্রয়কর্মী মিরসরাইয়ের ঝন্টু পালের সঙ্গে। ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় পিকআপে পেট্রলবোমা হামলায় তাঁর দুই হাত, বুক ও মুখ ঝলসে যায়। তাঁর বাঁ হাতে এখনো দগদগে হয়ে আছে ঘা। হাতে কোনো শক্তি পান না বলে জানান তিনি।
১৫ ফেব্রুয়ারি মিরসরাইয়ের জোরারগঞ্জ ট্রাকে পেট্রলবোমায় দগ্ধ হন পরিবহনশ্রমিক ফটিকছড়ির নজরুল ইসলাম। তাঁর দুই হাত, বুক ও মুখ পুড়ে গেছে। পরদিন রাতে রাঙ্গুনিয়ায় পিকআপে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন রাঙ্গুনিয়ার দুলাল মিয়া ও মো. সেলিম। দুজনেরই দুই হাত, বুক ও মুখ ঝলসে গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ জানান, তিনজনেরই সুস্থ হতে আরও সময় লাগবে। হাতের স্বাভাবিক কর্মক্ষমতা পুরোপুরি হয়তো ফিরে পাবেন না তাঁরা। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তার জন্য তাঁদের কাউন্সেলিংয়ের দরকার।