প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটাধিকার রক্ষায় আবারও তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জনগণই ঠিক করবে ভবিষ্যতে কে দেশ পরিচালনা করবেন। গতকাল মঙ্গলবার সকালে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়কমন্ত্রী ডার্ক নিবেল ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উন্নয়নবিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবালগসের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার অর্জনে তাঁর দলের আন্দোলন-সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, ‘জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়।’শেখ হাসিনা বলেন, বিগত দিনে সামরিক শাসনের কারণে বাংলাদেশে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছিল না। ফলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন, তাঁর সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ।জার্মানমন্ত্রী বার্ক নিবেল ও ইউরোপীয় ইউনিয়নের কমিশনার আঁন্দ্রিস পিয়েবালগস বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জার্মানি, ইইউ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।প্রধানমন্ত্রী জলবায়ু পরিস্থিতি মোকাবিলার জন্য নদী খননসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।দুই মন্ত্রীর সংবাদ সম্মেলন: গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে ডার্ক নিবেল বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সরকার ও বিরোধী দলকে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করতে হবে। আন্দ্রিস পিয়েবালগ্স বলেন, সুশীল সমাজকে ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যায় না। তাই গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের সুযোগ থাকাটা জরুরি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের বিষয়ে রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য পাঁচদিনের সফরে তাঁরা দু’জন গত সোমবার ঢাকায় এসেছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও তাঁরা সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক : দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা এবং বিনিয়োগের জন্য দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে বলে মত জানিয়েছেন জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ব্যবসায়ীরা। পাশাপাশি বাংলাদেশের সামাজিক ব্যবসায় খাতে বিনিয়োগ করার আগ্রহ ব্যক্ত করেছেন তারা। এই খাতে বিনিয়োগে যথেষ্ট প্রতিবন্ধকতা রয়েছে বলে তারা প্রশ্ন তুলেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সফররত জার্মান ও ইইউর ৩২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলটির সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুষ্ঠিত বৈঠকে তারা এসব কথা বলেন। দলের নেতৃত্ব দেন নিয়েবেল ও এনড্রিগস পিয়েবালগ্স। ইইউর প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।