কে প্রকাশ করল কেন করল মান্নার প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির ফোনে আলাপচারিতা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইউটিউবে প্রকাশিত এই অডিও টেপ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও আলোচনা চলছে।
কথাবার্তার একপর্যায়ে বোঝা গেছে, আলোচনার বেশির ভাগ অংশই ভাইবারে হয়েছে। সেখান থেকেই তাঁদের কথোপকথন ধারণ করে ইন্টারনেটে ছাড়া হয়েছে।
দুটি টেলিফোন আলাপচারিতায় বিএনপির নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক আন্দোলন পরিস্থিতি, সংলাপ, নাগরিক ঐক্যের উদ্যোগ, সরকারের পদক্ষেপ, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠন ও বিভিন্ন দেশের উদ্যোগ ও ভূমিকা, আন্দোলন চাঙা করার জন্য করণীয়, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে দেওয়া এবং সেনাবাহিনীর ভূমিকাসহ নানা বিষয় উঠে আসে।
মাহমুদুর রহমান মান্না গতকাল প্রথম আলোকে বলেন, এই কথোপকথন তাঁরই। তবে তিনি অভিযোগ করেন, এটা প্রকাশ করা ব্যক্তিগত গোপনীয়তার ওপর হস্তক্ষেপ। সরকার চাইলে কথোপকথন রেকর্ড করে পর্যবেক্ষণ করতে পারে। খারাপ কিছু থাকলে আইনিভাবে মোকাবিলা করতে পারে। কিন্তু এটা প্রকাশ করতে পারে না। এটা কে প্রকাশ করল, কেন করল? সরকারের কাছে তার বিচার চান। এতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, কথোপকথন কীভাবে প্রকাশ পেয়েছে, তা তাঁর জানা নেই।
গতকাল সোমবার ‘শান্তি ও সংলাপ’-এর দাবিতে মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের একটি গণমিছিল কর্মসূচি ছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে। পুলিশের কড়া পাহারায় সংগঠনটির ব্যানারে কিছুসংখ্যক নেতা-কর্মী সেখানে জড়ো হলেও পরে ‘অনিবার্য’ কারণে কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া দেয়। এ সময় অল্পসংখ্যক কর্মীকে মিছিল করে চলে যেতে দেখা যায়। ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, গণমিছিলের তারিখ পরে জানানো হবে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছেন মান্না।
কথোপকথন ফাঁস হওয়ার বিষয়ে জানতে চাইলে আইনজীবী তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে বিচার চাইতে হলে মাহমুদুর রহমানকে মামলা করতে হবে এবং তাঁকেই আদালতে প্রমাণ করতে হবে যে এই কথোপকথন অবৈধভাবে প্রকাশ করা হয়েছে। তবে রাষ্ট্রের রেকর্ড করার সুযোগ আছে। এই কথোপকথনে রাষ্ট্রদ্রোহ বা ক্ষতিকর কিছু থাকলে সরকারও মামলা করতে পারে। এ ক্ষেত্রে কথোপকথন দলিল হিসেবে উপস্থাপন করলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে তারা এটি রেকর্ড করেছে। আর অবৈধভাবে রেকর্ড করা হলে আদালতের অনুমতি লাগবে এটি দলিল হিসেবে উপস্থাপনের। সে ক্ষেত্রে যারা প্রকাশ করেছে, তাদের বিষয়টি গৌণ হয়ে যাবে।
ব্যবস্থা নেওয়ার দাবি: কথোপকথনের ঘটনায় মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। গতকাল বিকেলে রাজধানীর সূত্রাপুরে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাদেক হোসেন ও মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গতকাল মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায়ও কয়েকজন মন্ত্রী এই কথোপকথনকে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে মান্নাকে গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মান্নার ছাত্রত্ব সনদ বাতিল ও তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে মান্নাকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে। সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এর পর থেকে মান্নাকে কোথাও দেখা গেলে গণধোলাই দেওয়ারও হুমকি দেন।
কথোপকথন: সাদেক হোসেনের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে মান্নাকে বলতে শোনা যায়, একটা বড় ধরনের কিছু হলেই ঘটনাই পাল্টে যাবে। সরকার এখন সুতার ওপর ঝুলছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার করার পরামর্শ দিয়ে মান্না বলেন, ‘ধরেন, ইউনিভার্সিটিতে একটা মিছিল হলো। ধরেন যা মারামারি বাইরে হচ্ছে। ইউনিভার্সিটিতে মারামারিতে গেল দুই-তিনটা। কী করা যাবে? কিন্তু হলো…আপনারা গভমেন্টকে শেইক করে ফেললেন।’
জবাবে খোকা বলেন, তাদের ছাত্র সংগঠন হয়তো কুলাতে পারবে। তবে পুলিশ-প্রশাসন যুক্ত হলেই সমস্যা।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন, সাদেক হোসেন খোকার সঙ্গে কথা হয়েছে, আলাপচারিতার মতো। আন্দোলনের প্রসঙ্গ এসেছে। মান্না বলেছেন, গণতন্ত্রের দাবিতে আন্দোলন সমর্থন করেন। সহিংসতা সমর্থন করেন না। সহিংসতা থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপক জনগণকে সংযুক্ত করার চেষ্টা করা উচিত। বর্তমান আন্দোলনে এখনো ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের আন্দোলন প্রতিষ্ঠিত ও বিস্মৃত করতে হবে। এটা করতে গিয়ে যদি দুই-চারজনের জীবনও যায়, করার কিছু নেই।
সাদেক হোসেন ছাড়া আরেকজনের সঙ্গে মান্নার কথোপকথন শোনা যায়। এই ব্যক্তি নিজেকে এক-এগারোর প্রভাবশালীদের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করে মান্নাকে কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করানোর পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান বলেন, ‘আমি রাজনীতি করি। সবার সঙ্গেই কথা বলতে হয়। এটা থেকে এক-এগারো বা সামরিক ক্যুর ষড়যন্ত্রের আবিষ্কার হয় কীভাবে? যেখানে এ রকম কোনো বৈঠকই হয়নি।
যোগাযোগ করা হলে নিউইয়র্কে অবস্থানরত সাদেক হোসেন খোকা মান্নার সঙ্গে কথোপকথনের বিষয়টি স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, এটা একটা একাডেমিক আলোচনা। শুধু মান্না কেন ২০ দলের বাইরে সমমনা অন্য দলের নেতা, এমনকি বাম দলগুলোর নেতাদের সঙ্গেও একাডেমিক আলোচনা হয়। এর অর্থ এই নয় যে মান্না বিশ্ববিদ্যালয়ে লাশ চেয়েছে। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদের কীভাবে সম্পৃক্ত করা যায়, সাবেক ছাত্রনেতা হিসেবে মান্নার সঙ্গে সেটাই আলোচনা হয়েছে।
নাগরিক ঐক্যের কর্মসূচিতে বিএনপির কর্মীদের জোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাদেক হোসেন বলেন, তাঁদের বর্তমান রাজনীতির মূল বিষয় হচ্ছে সংলাপ, নির্বাচন ও শান্তি ফিরিয়ে আনা। বিএনপির নেতৃত্বাধীন জোটেরও আকাঙ্ক্ষা একই। সে ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকতেই পারে।