বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেছেন, দেশ এখন কঠিন পরিস্থিতির মুখে। কে বাম কে ডান, কে বড়, কে ছোট, তা দেখার সময় নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অবৈধ সরকারকে হটাতে হবে।
তিনি বলেন, ঈদের পর সব শক্তি দিয়ে এই অবৈধ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাম্যবাদী দলের একাংশের বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
সাম্যবাদী দলের একাংশের যোগ দেওয়ার ফলে ১৯-দলীয় জোট এখন ২০-দলীয় জোটে পরিণত হলো।
গতকাল রাতে সাঈদ আহমেদের নেতৃত্বে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় সাম্যবাদী দলের একাংশ।
এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, এ যোগদানের ফলে বিএনপির নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী ও বেগবান হবে। ভবিষ্যতে জোটের পরিধি আরও বড় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ঈদের পর সব শক্তি দিয়ে এ অবৈধ সরকারকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
খালেদা জিয়া আরও বলেন, আওয়ামী লীগ দেশকে এমন জায়গায় নিয়ে গেছে যে দেশে আর কিছুই থাকবে না। আওয়ামী লীগের হাত থেকে দেশ উদ্ধারে তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন।