কে বি পাইলট উচ্চবিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবের সবচেয়ে প্রাচীন বিদ্যালয় কে বি পাইলট উচ্চবিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে উপজেলা প্রকৌশল, শিক্ষা প্রকৌশল ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা পরিদর্শন শেষে এমন মতামত দেন। এর আগেই বিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার থেকে ক্লাস বন্ধ রেখেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরবের মূল শহর এলাকায় বিদ্যালয়টির অবস্থান। ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার ৩০০। বেশ পুরোনো হওয়ায় ভবন এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এর মধ্যে কয়েক দিন আগে দ্বিতল ভবনের পাঁচটি বিমে ফাটল দেখা দেয়। গত মঙ্গলবার ছাদ ও দেয়ালে ফাটল সম্প্রসারিত হওয়ায় কর্তৃপক্ষ ওই দিনই বিদ্যালয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। গতকাল ইউএনও সেলিম আহমেদ, উপজেলা প্রকৌশলী পরিতোষ চন্দ্র সাহা, উপজেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ওই বিদ্যালয়ে যান এবং ভবন পরীক্ষা করেন। উপসহকারী প্রকৌশলী গিয়াস আহমেদ বলেন, ‘ফাটল ছাদ থেকে সিঁড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ কারণে পরিত্যক্ত ঘোষণা করে ক্লাস না করানোর পরামর্শ দিয়েছি।’ জানতে চাইলে প্রধান শিক্ষক বিশ্বনাথ গুপ্ত প্রথম আলোকে বলেন, বিকল্প ব্যবস্থায় পাঠদান চালু রাখার কথা ভাবা হচ্ছে।