‘শাহ্রুখ বলে জানি না তাকে। সঞ্জু বলে ডাকতাম আমরা। তার ডাক নাম ছিল সঞ্জু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চাঁদপুরে তার নানা বাড়িতে বেশ কিছু দিন পালিয়ে থাকতে হয়েছিল। আমি, সঞ্জু আরও অনেকে তখন যুদ্ধ যুদ্ধ খেলতাম। কত মজার সময় পার করেছি। এরপর অনেক দিন সঞ্জুর সঙ্গে দেখা হয়নি। বেশ কয়েক বছর পর একটি অনুষ্ঠানে সঞ্জু আমার সামনে এসে বলল, ‘আমাকে চিনতে পেরেছ?’ আমি বললাম— ‘না’। সে তখন বলল, ‘মনে পড়ে একাত্তর, গ্রাম, যুদ্ধ যুদ্ধ খেলা?’ আমি বললাম ‘সঞ্জু? সঞ্জয়?’ সেই সঞ্জু এভাবে অকালে চলে যাবে তা মেনে নিতে পারছি না।’ বলছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। স্মৃতিচারণা করতে গিয়ে চোখ ভিজে উঠেছিল তাঁর।গতকাল শুক্রবার অকালপ্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহ্রুখ শহীদ স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি স্মৃতিচারণা করছিলেন। চারুকলা অনুষদের বকুলতলায় ফ্যাশন উদ্যোক্তারা আয়োজন করেছিল এই স্মরণসভা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ। এরপর মিতা হক স্মৃতিচারণা করলেন। গাইলেনও তিনি। প্রিয় সঞ্জুর প্রিয় গান,‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’। এরপর মঞ্চে আসেন শাহ্রুখের প্রিয়জন ও শুভানুধ্যায়ীরা। শাহ্রুখ শহীদের কর্মময় জীবন নিয়ে বলেন খালিদ মাহমুদ খান। ব্যক্তি শাহ্রুখকে নিয়ে বলেন বিবি রাসেল, চন্দ্রশেখর সাহা, ফাহমিদা নবী, আলী ইমাম, মাহী বি চৌধুরী, কানিজ আলমাস খান, সুমনা শারমীন, এমদাদ হক, চঞ্চল মাহমুদ, শাকিল আহমেদ, আবদুল হানিফ, মুন্নি সাহা, ইকবাল খোরশেদ, শাহিন আহমেদ, দিনাত জাহান, আশরাফুর রহমান, শাহরিয়ার শহিদসহ অনেকেই। সবাই বলেছেন, কেন এই হুট করে তার চলে যাওয়া? এমন হাসিখুসি মুখ, সদালাপি, সহযোগিতাপরায়ণ অকৃত্রিম এই বন্ধুর কী খুব তাড়া ছিল চলে যাওয়ার? শাহ্রুখ শহীদের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গন ও ফ্যাশন জগতের বিশিষ্টজনেরা। তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন এই অকালপ্রয়াত ডিজাইনারের প্রতি।অনুষ্ঠানে শিল্পী তানভীর আলম শাহ্রুখ শহীদের প্রিয় গান গেয়ে শোনান—‘চুপি চুপি চলে না গিয়ে, সে কেন বিদায় নিল না হেসে/কে যে তারে ডেকে নিয়ে গেল...’। প্রিয় এই গানের মতো গত ২৭ ফেব্রুয়ারি রাতে হূদরোগে আক্রান্ত হয়ে বিদায় না নিয়েই চলে গেছেন তিনি।