কে হবেন শিশুটির অভিভাবক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইশ বছর যাবৎ তাঁরা সংসার করছেন। কিন্তু নিঃসন্তান। বসবাস করছেন সুইজারল্যান্ডে। একটি সন্তান পাওয়ার আশায় অনেক দৌড়াদৌড়ি করেছেন। কিন্তু আশা পূরণ হয়নি। এখন আশায় বুক বেঁধেছেন কুড়িয়ে পাওয়া এক দিনের শিশুটির হয়তো অভিভাবক হতে পারবেন। কিন্তু কুড়িয়ে পাওয়া এক দিনের শিশুটিকে কেবল এই দম্পতি নয়, আরও দুই দম্পতি চাইছেন নিজেদের করে নিতে। তবে শিশুটির অভিভাবক কে হবেন, তা নির্ধারণ করবেন ঢাকার শিশু আদালত। ২০ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রবেশন কর্মকর্তাকে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিশু আদালতের পেশকার এনামুল কবীর প্রথম আলোকে বলেন, শিশুটির অভিভাবক হতে ইতিমধ্যে তিনজন আদালতে আবেদন করেছেন। যাঁরা শিশুটিকে নেওয়ার আবেদন করেছেন, তাঁদের সামাজিক অবস্থান ও অর্থনৈতিক অবস্থাসংক্রান্ত প্রতিবেদন ২০ মার্চ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

১১ মার্চ রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকার একটি ডাস্টবিন থেকে এক দিন বয়সী নবজাতককে উদ্ধার করেন লিলি নামের এক নারী। ওই দিনই লিলি ও তাঁর স্বামী বিপ্লব থানায় সাধারণ ডায়েরি করে শিশুটিকে ভর্তি করান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঢাকার আদালতে এ-সংক্রান্ত এক প্রতিবেদন জমা দিয়ে বলেন, হাসপাতালের খাতায় শিশুটির অভিভাবক হিসেবে দেখানো হয়েছে লিলি-বিপ্লব দম্পতিকে। তাঁরাও শিশুটিকে নিজেদের জিম্মায় নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত শিশুটির অভিভাবক হওয়ার জন্য আদালতে তিনজন আবেদন করেছেন। আদালতই শিশুটির ভাগ্য নির্ধারণ করবেন।

সুইজারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত এক দম্পতি গতকাল বুধবার আদালতে শিশুটিকে জিম্মায় নেওয়ার আবেদন করেন। আদালতে লিখিত আবেদনে তাঁরা বলেছেন, ২২ বছর ধরে তাঁরা সংসার করছেন। কিন্তু সন্তান হয়নি। নিঃসন্তান থাকায় এক দিনের এই কন্যা নবজাতককে লালন-পালন করতে চান। শিশুটিকে সুশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চান। শিশুটি তাঁদের পরিচয়ে সুইজারল্যান্ডে বড় হবে।

গণমাধ্যমে প্রতিবেদন দেখে তাঁরা শিশুটির বিষয়ে জানতে পারেন।

আর মঙ্গলবার মিরপুরে বসবাসকারী আরেক দম্পতি আদালতে বলেছেন, ১০ বছর সংসার করলেও তাঁরা নিঃসন্তান। এই দম্পতি প্রথম আলোকে বলেন, দুজনে ব্যবসা করেন। ঢাকায় ফ্ল্যাট আছে। আর্থিক অবস্থা ভালো। কুড়িয়ে পাওয়া শিশুটির অভিভাবক হতে চান তাঁরা।

নাম প্রকাশ না করার শর্তে আদালতে পুলিশের এক পরিদর্শক বলেন, এক দিনের শিশুটিকে কুড়িয়ে পাওয়া লিলি-বিপ্লব দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে। কিন্তু তাঁদের কোনো কন্যাসন্তান নেই। তাই তাঁরা ওই নবজাতকের অভিভাবক হতে চান।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়িত্বরত প্রবেশন কর্মকর্তা কে এম ওবায়দুল্লাহ আল মাসুদ প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তিনি প্রতিবেদন জমা দেবেন। আদালত শিশুটির ভাগ্য নির্ধারণ করবেন।