কেঁচো খুঁড়তে সাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করতে গিয়ে দুই বছর আগে মাটিচাপুর গ্রামের নিখোঁজ হালিমের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ রিপন (১৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে।পুলিশ জানায়, ১৭ দিন আগে উপজেলার মাটিচাপুর গ্রামের মুদি ব্যবসায়ী আবদুল হাকিমের একটি বাইসাইকেল চুরি হয়। ওই গ্রামের রিপন গত মঙ্গলবার বাইসাইকেলটি নিয়ে ফরাজীবাজারে এলে হাকিম সাইকেলটি চিনে ফেলেন এবং ফেরত দিতে চাপ দেন। কিন্তু রিপন সাইকেল না দিয়ে চলে যান। এ ব্যাপারে ফুলপুর থানায় হাকিম অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ গতকাল রিপনকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মাটিচাপুর গ্রামের একটি পুকুর থেকে সাইকেলটি উদ্ধার করতে নেমে সাইকেলসহ অনেক চোরাই যন্ত্রপাতি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটি কার জানতে চাইলে রিপন পুলিশকে জানান, মোটরসাইকেলটি দুই বছর আগে নিখোঁজ হওয়া হালিমের। তাঁর লাশ গ্রামের একটি ধানখেতে রাখা আছে। পরে তাঁর কথামতো হালিমের মরদেহের কঙ্কাল ও জামা উদ্ধার করা হয়। হালিমের পরিবারের লোকজন ঢাকায় থাকে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হালিমের স্ত্রী শাহানাজের বড় ভাই সাংবাদিক তোফাজ্জল হোসেন জানান, হালিম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০০৮ সালে ২১ ডিসেম্বর তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল হালিমের জামা, জুতা ও প্যান্ট দেখে তিনি লাশ শনাক্ত করেছেন। এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, ‘একটি সাইকেল চুরির ঘটনায় রিপনকে আটক করে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখনই এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’