কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আশুতোষ চন্দ্র বর্মণ (৪৮) কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে এখন স্বাবলম্বী। এই সার বিক্রি করে তিনি মাসে আয় করছেন সাত হাজার টাকা।
সম্প্রতি ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে আশুতোষ চন্দ্রের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে একচালা টিনের ঘর। ঘরের নিচে সিমেন্টের তৈরি ১০টি রিং স্ল্যাব। এ সময় কথা হয় আশুতোষের সঙ্গে। তিনি বলেন, এসব রিং স্ল্যাবে এক বছর ধরে কেঁচো সার উৎপাদন করছেন। প্রতিটি রিং স্ল্যাবে প্রায় দুই হাজার কেজি গোবর, শাকসবজির উচ্ছিষ্টাংশ, হাঁস-মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মিশ্রণ করা হয়। সব রিং স্লাবে ছেড়ে দেওয়া হয় অন্তত পাঁচ হাজার কেঁচো। তারপর চটের বস্তা দিয়ে রিং স্ল্যাব ঢেকে রাখা হয়। মোট খরচ হয় এক হাজার টাকা। কেঁচো সার উৎপাদন হতে এক মাস সময় লাগে। এক মাসে উৎপাদন হয় ২০ মণ কেঁচো সার। প্রতি কেজি সার ১০ টাকা করে বিক্রি করা হয়। এতে খরচ বাদে আয় হয় মোট সাত হাজার টাকা। পাশাপাশি কেঁচোর বংশবিস্তার হচ্ছে। প্রতিটি কেঁচো ৫০ পয়সা হিসেবে বিক্রি করেও তাঁর আয় হচ্ছে।
এই সার ব্যবহার করে তিনি দুই বিঘা জমিতে লাউ, ডাঁটা, ধনে, লতিকচু, পুঁইশাক, কলমিশাক চাষ করেছেন। সবজি বিক্রি করেও তিনি বছরে দুই লাখ টাকা আয় করছেন।
এদিকে আশুতোষ চন্দ্রের উৎপাদিত কেঁচো সার স্থানীয় কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। মদনেরপাড়া গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘আশুতোষের কেঁচো সার ব্যবহার করে আধা বিঘা জমিতে মরিচ চাষ করেছি। এতে মরিচ উৎপাদন কয়েক গুণ বেশি হয়েছে।’ একই গ্রামের কৃষক রবিজল হক বলেন, ‘আশুতোষের কেঁচো সার ব্যবহার করে গোল আলু ও মিষ্টিকুমড়ার চাষ করে ভালো ফলন পেয়েছি।’
আশুতোষ চন্দ্র বলেন, ‘যে হারে রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ছে, তাতে ধানের চাষ করে লাভ হয় না। তাই কৃষি বিভাগের পরামর্শে কেঁচো সার উৎপাদন শুরু করি। সার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল—গরুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠাসহ সবকিছু আমার নিজের। তাই সহজে এটা করতে পারছি। ইচ্ছেশক্তি থাকলে যে কেউ করতে পারে। ভবিষ্যতে বসতভিটায় কৃষিখামার গড়ে তুলব। এ জন্য সরকারি সহায়তা দরকার।’
আশুতোষের স্ত্রী মণিকা রানী বলেন, ‘সাংসারিক কাজের পাশাপাশি কেঁচো সার তৈরির কাজে স্বামীকে সহায়তা করি। আগে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হতো। এখন তাদের চাহিদামতো খরচ দিতে পারছি।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ ক ম রুহুল আমিন বলেন, কেঁচো দিয়ে সার উৎপাদনে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। জেলার প্রায় ৩০০ কৃষক এই সার উৎপাদন করছেন। বর্তমানে রাসায়নিক সারের অতিব্যবহারে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। পরিবেশবান্ধব এই সার মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমেছে। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে।