কেঁচো সার উৎপাদনে ভাগ্যবদল

নিজেরাই কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করেন। তা নিজেদের চাষাবাদে ব্যবহার করেন। আবার বিক্রি করে বেশ টাকাও পান। ফলে আগে যেখানে নুন আনতে পান্তা ফুরাত, এখন পুরোদস্তুর স্বাবলম্বী ফিরোজা বেগম (৫২) ও মিছির হাওলাদার (৬৫)।
এ দম্পতির বাড়ি ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পূর্ব চরকালি গ্রামে। গত বুধবার তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে চারচালা টিনের ঘর। বসতঘরের পশ্চিমে ও উত্তরে গোয়ালঘর। তার পাশে একচালা ঘরে সিমেন্টের তৈরি ১০টি রিং-স্ল্যাব।
ফিরোজা বেগম বললেন, রিং-স্ল্যাবের মাধ্যমে তাঁরা আট বছর ধরে কেঁচো সার উৎপাদন করছেন। প্রথমে প্রায় দুই হাজার কেজি গোবর, শাকসবজির উচ্ছিষ্টাংশ, হাঁস-মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মেশানো হয়। সেগুলো ১০টি রিং-স্ল্যাবে ভাগ করে রাখা হয়। প্রতিটিতে ছেড়ে দেওয়া হয় অন্তত এক হাজার কেঁচো। চটের বস্তা দিয়ে রিং-স্ল্যাব ঢেকে রাখা হয়। এই প্রক্রিয়ায় কেঁচো সার উৎপাদন হতে দুই মাস সময় লাগে। প্রতি মাসে গড়ে তাঁরা৩০ মণ কেঁচো সার উৎপাদন করতে পারেন। ১০-১২ টাকা কেজি দরে এ সার বিক্রি হয়। খরচ বাদ দিয়ে মাসে সাত-আট হাজার টাকা লাভ থাকে। পাশাপাশি রিং-স্ল্যাবে কেঁচোর বংশবিস্তার ঘটে। প্রতিটি কেঁচো এক টাকা দরে বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে।
ফিরোজা বেগমকে আট বছর আগে প্রথমে দুটি রিং-স্ল্যাব আর এক হাজার কেঁচো বিনা মূল্যে দিয়েছিল স্থানীয় একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি গবাদিপশু পালন করতেন। কিন্তু তাতে যা লাভ হতো, তা দিয়ে সংসার চালানো দায় ছিল। ওদিকে তেমন জমিও ছিল না পরিবারটির। কিন্তু কেঁচো সার উৎপাদন শুরুর পর আর পেছনে তাকাতে হয়নি তাদের।
ফিরোজার স্বামী মিছির হাওলাদার বলেন, এই সার ব্যবহার করে তিনি ২ একর ১০ শতাংশ জমিতে সারা বছর সবজি ও ধান চাষ করছেন। সবজি বিক্রি করেই বছরে তাঁর ৩ লাখ টাকার বেশি আয় হচ্ছে। এ ছাড়া গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করছেন। এসব প্রকল্প থেকে এখন যে আয় হয়, তাতে সংসার চালিয়েও প্রতিবছর কিছু কিছু জমি কিনতে পারছেন। চলতি বছরও তাঁরা ১২ শতাংশ জমি কিনেছেন।
ফিরোজা-মিছির দম্পতির ঘরে এক ছেলে, এক মেয়ে। বিয়ে করে মেয়ে শ্বশুরবাড়িতে চলে গেছেন। ছেলে বিয়ে দিয়ে বউ এনেছেন ঘরে। দুই নাতনি বিদ্যালয়ে পড়ে। ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফিরোজা বেগম বললেন, আগে অনেক কষ্ট করে সংসার চলত। এই কেঁচো সার উৎপাদনই তাঁদের ভাগ্য বদলে দিয়েছে।
পুরো জেলাতেই জনপ্রিয় হচ্ছে
শুধু ফিরোজা-মিছিরেরই ভাগ্য বদলায়নি। এ দম্পতির মাধ্যমে ভাগ্য বদলেছে আরও অনেকের। স্থানীয় ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের প্রায় ৫০০ পরিবার তাঁদের কাছ থেকে কেঁচো নিয়ে একই প্রক্রিয়ায় সার উৎপাদন করছে। বর্তমানে চরকালির পরিচিতিই হয়ে গেছে কেঁচো সারের গ্রাম হিসেবে। প্রতি মাসে এ গ্রাম থেকে ১২০ মণ কেঁচো সার উৎপাদন হচ্ছে।
ভেদুরিয়ার পাশাপাশি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, পূর্ব ইলিশা ও রাজাপুরের প্রায় তিন হাজার পরিবার এখন কেঁচো সার উৎপাদনে যুক্ত। জেলার অনেক এলাকায় কৃষকেরা রাসায়নিক সারের ব্যবহার প্রায় ছেড়েই দিয়েছেন।