কেঁদে পার বছরের প্রথম দিন

বছরের প্রথম দিনটি ভালো গেল না। হাসপাতালের বিছানায় মায়ের কোলে বসে নিজের হাত নিজেই চিনতে পারছে না নাহ লিমা। ককটেলে হারিয়েছে তার হাতের কবজি। বছরের প্রথম সকালে হাত দেখে কেঁদে পার করল তিন বছরের ছোট্ট লিমা।
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের সময় গত ৩ ডিসেম্বর সকালে রাজধানীর কাফরুলে পূর্ব ইব্রাহীমপুরের ইটখোলা বাজারসংলগ্ন এলাকায় নিজ বাসার সামনে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা ককটেল লিমা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে লিমার ডান হাতের কবজি অবধি ঝলসে যায়। লিমার বাবা আল আমিন মালিকানা গাড়ি চালান ও মা পোশাক কারখানায় কাজ করেন।
গতকাল বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু ) গিয়ে দেখা যায়, লিমা মায়ের কোলে বসে কাঁদছে। মুখে সব কথা বলে বোঝাতে পারে না। আকারে-ইঙ্গিতে মাকে বোধ হয় হাত বেঁধে দেওয়ার কথা বলছিল।
মা সোহাগী আক্তারের বছর শুরু হয়েছে মেয়ের কান্নার শব্দে। সোহাগী বলেন, সামান্য পাউরুটি আর দুধ খেয়েছে লিমা। সকালে হাতের ব্যান্ডেজ খুলে দেওয়া হয়। তখন থেকেই লিমা কাঁদছে। বাবা আল আমিন জানান, গত বছর ১ জানুয়ারি মেয়েকে নিয়ে মিরপুরে পার্কে গিয়েছিলেন। অনেক খুশি হয়েছিল লিমা।
চিকিৎসক মোহাম্মদ সালেহীন জানান, আঘাত গুরুতর ছিল। হাতের আঙুল একটাও রক্ষা করা যায়নি। আর এখন এমন হাত দেখে ভয় পাচ্ছে লিমা। তবে সুস্থ হয়ে বাড়ি গেছে ১১ বছরের তোফাজ্জল। গত ২১ নভেম্বর দুপুরে তেজগাঁওয়ের শাহিনবাগ সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টারের পাশে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় সে। তার ডান হাতের তিনটি আঙুল নেই।