কেঁদে ফেললেন জার্মান রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ছোট্ট হলঘরে বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিনজ। বলছিলেন, ‘আমি এখানে আসার আগে পেট্রল বোমায় দগ্ধ রোগীদের দেখে এলাম।’ একটু থেমে থমাস আবার শুরু করলেন, কিন্তু শেষ করতে পারলেন না। শুধু বললেন, ‘ভয়াবহ, সহ্য করা যায় না।’ এরপর চোখ মুছে ফিরে গেলেন নিজের আসনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ইন্টারপ্লাস্ট জার্মানি, হাঙ্গেরি ও নেদারল্যান্ডসের চিকিৎসকেরা ৩ এপ্রিল থেকে বিনা মূল্যে দগ্ধ ব্যক্তিদের অস্ত্রোপচার করেন। আজ রোববার ছিল ক্যাম্পের শেষ দিন। এ উপলক্ষেই হাজির হয়েছিলেন জার্মানির রাষ্ট্রদূত।

ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন নামে প্রবাসীদের একটি সংগঠন ও সাংসদ হাবিব এ মিল্লাতের উদ্যোগে তিন দেশের খ্যাতনামা প্লাস্টিক সার্জনরা বাংলাদেশে আসেন। ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত তাঁরা ৭৪ জনের অস্ত্রোপচার করেন। এঁদের মধ্যে ছয়জন ছিলেন পেট্রল বোমায় দগ্ধ। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তাঁরা ফিরে যাবেন।

নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ভ্যান হুগসট্র্যাটেন পেট্রলবোমায় দগ্ধ মানুষের চিকিৎসায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় চিকিৎসকদের সাধুবাদ জানান। তিনি বলেন, দুর্যোগের সময় দেশ-জাতির গণ্ডি ভেঙে চিকিৎসকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। তাঁর নিজের দেশের চিকিৎসকদের বাংলাদেশের জেলা হাসপাতালে দেখতে পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন বলেও উল্লেখ করেন।

এ দিকে প্লাস্টিক সার্জারি দলের প্রতিনিধি ও ইন্টারপ্লাস্ট হাঙ্গেরির প্রতিষ্ঠাতা গ্রেগ পাটাকি বলেছেন, ‘ক্যাম্পে কাজ করতে পেরে দুই দলই উপকৃত হয়েছে। আমাদের কাছ থেকে বাংলাদেশের চিকিৎসকেরা শিখেছেন। তাঁদের কাছ থেকে আমরা শিখেছি।’ তিনি জানান, এর আগেও বহুবার তিনি বাংলাদেশে এসেছেন। দগ্ধ রোগীদের সেবায় বাংলাদেশ অনেক এগিয়েছে বলেও তিনি প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, পেট্রলবোমায় দগ্ধদের যতবার তিনি দেখতে এসেছেন তিনিও ততবারই ভীষণভাবে মুষড়ে পড়েছেন।

১৪টি মেডিকেল কলেজের বার্ন ইউনিট সমন্বয়ক সামন্ত লাল সেন রোগীদের চিকিৎসায় সামান্যতম অবহেলাও হয়নি বলে জার্মান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংসদ হাবিবে মিল্লাত, ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হাসনাত মিয়া, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক মো. মিজানুর রহমান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক আবুল কালাম প্রমুখ।