কেঁদে বুক ভাসাচ্ছেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে দুই বছরের ছেলেকে বুকে জড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সুশীলা রানী। জেলেরা সুশীলাকে জীবিত উদ্ধার করেন।

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও সুশীলার ছেলে রাজু বর্মণের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন ছেলের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন সুশীলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুশীলা রানী বর্মণের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। নয় বছর আগে ভৈরব পৌর শহরের নয়াহাটি মহল্লার পরমেশ্বর বর্মণের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। ১১ জুন সকালে কথা-কাটাকাটির জের ধরে পরমেশ্বর তাঁকে মারধর করেন। সন্ধ্যায় ওই ঘটনার জের ধরে শাশুড়ি বিমলা রানী বর্মণ ও ননদ উষা রানী বর্মণ তাঁকে মারধর করেন। প্রতিবেশীদের কেউই এ ঘটনার প্রতিকার না করায় ছেলেকে বুকে জড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেন। জেলেরা সুশীলাকে উদ্ধার করেন। এরই মধ্যে সুশীলা সুস্থ হয়ে উঠেছেন।