কেঁদেই চলেছে শিশুটি
মেয়েটি পঞ্চম শ্রেণির ছাত্রী। বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে তাকে বিয়ে দিয়েছেন স্বজনেরা। বিষয়টি জানতে পেরে অঝোরে কাঁদছে শিশুটি। বাল্যবিবাহের এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার।
গতকাল বুধবার মেয়েটির (১১) বাড়িতে গেলে তার মা বলেন, তিনিও অল্পবয়সী মেয়ের এ বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু তাঁর মা (শিশুটির নানি) ও ভাই বেড়ানোর কথা বলে মেয়েকে ডেকে নিয়ে গিয়ে কাজি দিয়ে বিয়ে নিবন্ধন করিয়েছেন।
শিশুটির বিয়ে হয়েছে তারই সৎভাইয়ের (২২) সঙ্গে। মেয়েটির মা জানান, মেয়েটি তাঁর আগের ঘরের। সেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি কালা মিয়াকে বিয়ে করেন। কালা মিয়ারও আরেক স্ত্রী ছিল। সেই পক্ষের ওই ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হলো।
গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পঞ্চম শ্রেণির কক্ষে মন খারাপ করে বসে আছে মেয়েটি। শ্রেণিকক্ষ থেকে মেয়েটিকে আলাদা ডেকে বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে সে বলে, মঙ্গলবার সন্ধ্যার পর তার মামা ও নানি বেড়ানোর কথা বলে পাশের বাজারে নিয়ে যান। সেখানে একটি ঘরে বসিয়ে এক মুরব্বি একটি খাতায় তার সই নেন। পরে তাকে জানানো হয়, সৎভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। এ বিষয়ে আগে তাকে কেউ কিছুই জানায়নি। মেয়েটি জানায়, সে আরও লেখাপড়া করবে।
খোঁজ নিয়ে জানা যায়, শান্তিনগর বাজারের হাশিম উদ্দিন নামের এক ব্যক্তি এ বিয়ে পড়িয়েছেন। তবে তাঁর কোনো নিবন্ধন নেই। শিশুর বিয়ে কীভাবে নিবন্ধন করলেন জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। পরে মেয়েটির স্বাক্ষর নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
ইউএনও মোহাম্মাদ শাহানুর আলম বলেন, এ বাল্যবিবাহের বিষয়ে তিনি কিছু জানেন না। বিয়ে হয়ে থাকলে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ পাঠিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবেন তিনি।