বেআইনিভাবে পাহাড় কাটা এবং ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করায় আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডকে (কেইপিজেড) কারণ দেখাতে বলেছে পরিবেশ অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রতিষ্ঠানটিকে কারণ দেখাতে নির্দেশ দেওয়া হয়।গত শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেন। এর আগে গত ২২ জানুয়ারি তাঁর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল কেইপিজেড এলাকা পরিদর্শন করে ওই এলাকার তিনটি স্থানে ৪০ থেকে ৬০ ফুট উচ্চতার পাহাড় কাটার ঘটনা প্রত্যক্ষ করে।ওই পাহাড় কাটার জন্য কেইপিজেড কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তর অনুমতি দিয়েছিল। পরিদর্শক দলকে তখনই বিষয়টি জানিয়েছিলেন কেইপিজেড কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিলেও তাঁরা ছাড়পত্রের কিছু শর্ত লঙ্ঘন করেছে। বেআইনিভাবে প্রতিষ্ঠানটি পাহাড় কাটছে।মুনীর চৌধুরী আরও বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষ পাহাড়ের পাদদেশে টার্ফিং, স্ট্যাবিলাইজিং, সিল্ট ট্র্যাপ ইত্যাদি ব্যবস্থা না নিয়েই ভূমি উন্নয়নের নামে এসব পাহাড় কেটেছে।’অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক্সকাভেটর যন্ত্র দিয়ে এসব পাহাড় কেটে মাটি অপসারণ করে সমতল করা হচ্ছে এবং এসব পাহাড় কেটে প্রায় আড়াই লাখ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে।এ ছাড়া কেইপিজেড কর্তৃপক্ষ পাহাড়ের মূলোৎপাটন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে কেইপিজেডকে দেওয়া ছাড়পত্রে প্রয়োজনে শুধু পাহাড় কর্তন ও মোচনের (ড্রেসিং) অনুমতি দেওয়া হয়।গত ২২ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অভিযানের দুই দিন পর কেইপিজেড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে। সেখানে তাঁরা দাবি করেন, অনুমতি নিয়ে ও নিয়ম মেনে পাহাড় কাটা হচ্ছে।