কেইপিজেডের এমডির অপসারণ দাবি
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ নয় দফা দাবি জানিয়েছে আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সম্মেলনে আনোয়ারা উপজেলার ১১টি ও পশ্চিম পটিয়ার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, কেইপিজেডের এমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাছির ২০১১ সালের জুলাইয়ে কেইপিজেডে যোগ দেন। তাঁর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে কেইপিজেডে শিল্পবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কেইপিজেডে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারকে এখনো পুনর্বাসন করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির নিশ্চয়তা দেওয়া হলেও তা উপেক্ষা করা হচ্ছে। উল্টো চাকরিরতদের বিভিন্ন অপবাদে চাকরিচ্যুত করা হচ্ছে। কেইপিজেড কর্তৃপক্ষ শিল্পায়নের নামে নির্বিচারে পাহাড় কাটছে।
সব অভিযোগ অস্বীকার করে হাসান নাছির প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা অনেক আগেই ইয়াং ওয়ান কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে পরিশোধ করেছে। তিনি বলেন, চাহিদা অনুযায়ী সারা বছরই লোক নিয়োগ করা হয়। আর কর্তৃপক্ষ কখনো মিথ্যা মামলা করে না। বরং তাঁর বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুযায়ী ভূমির উন্নয়ন করা হচ্ছে উল্লেখ করে হাসান নাছির বলেন, পাহাড় কাটার অভিযোগ এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি।
সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।