কেইপিজেডের ছাড়পত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারা উপজেলায় প্রস্তাবিত শিল্পাঞ্চল কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। আগে দেওয়া ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে পাহাড় কাটা এবং জলাশয় ভরাটের অভিযোগে গতকাল বৃহস্পতিবার এ ছাড়পত্র বাতিল করা হয় বলে সূত্র জানায়।পরিবেশ অধিদপ্তরের পক্ষে পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল ছাড়পত্র বাতিল আদেশ জারি করে প্রকল্প এলাকায় পাহাড় কাটাসহ সব ধরনের ভূমি উন্নয়নকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।২০০৯ সালের ২৩ নভেম্বর কেইপিজেডকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়। পরে গত বছরের ১ আগস্ট তা নবায়ন করা হয়।মুনীর চৌধুরী জানান, পাহাড় কাটাসহ ছাড়পত্রের সাতটি শর্ত লঙ্ঘন করার অভিযোগে ছাড়পত্র বাতিল করা হয়েছে।এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, তারা পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করেছে। অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটার কারণে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতিসাধন, ভূমি ধস, কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাসসহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। এটা পরিবেশ ও প্রতিবেশের সুদূরপ্রসারী ক্ষতিসাধন করবে। তাই তাদের ছাড়পত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে কেইপিজেড পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করলে তাদের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার নিশ্চয়তা দিতে হবে। আবেদন পেলে শিল্পায়নের স্বার্থে পরিবেশ অধিদপ্তর বিষয়টি পুনর্বিবেচনা করবে।জানা যায়, এর আগে গত ২২ জানুয়ারি মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল কেইপিজেড এলাকা পরিদর্শন করে তিনটি স্থানে পাহাড় কাটার ঘটনা উদ্ঘাটন করে।