কেইপিজেডের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা
চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারা উপজেলাধীন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) পাহাড় কাটার ঘটনায় তিন কর্মকর্তা ও অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার গভীর রাতে কর্ণফুলী থানায় এই মামলা করা হয়। এর আগে শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে সমতল করার অভিযোগে ১০টি বুলডোজার জব্দ করা হয়। পাহাড় কেটে পরিবেশ ধ্বংসসহ পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ এনে কেইপিজেডের বিরুদ্ধে এই মামলা করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন কেইপিজেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, মহাব্যবস্থাপক প্রকৌশলী কর্নেল (অব.) মো. শাহজাহান ও উপমহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ইনভেস্টিগেশন) আবদুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন।