বাংলাদেশে কোরীয় বিনিয়োগ ত্বরান্বিতকরণে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) সমস্যা সমাধানের উপায় নিয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আলোচনা হয়েছে। খবর বাসস ও ইউএনবির।গতকাল রোববার থাইল্যান্ডের চিয়াংমাইয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং উনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনা বলেন, তাঁর দেশ বিষয়টিকে (কেইপিজেড) গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং উভয় দেশের স্বার্থে সমস্যা সমাধানে প্রচেষ্টা চালাচ্ছে। বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২-এপিডব্লিউএস) যোগ দিতে উভয় নেতা বর্তমানে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অবস্থান করছেন। এর আগে দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে চিয়াংমাইয়ে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ সময় প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য ঠিক রাখতে বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগ কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্র, পাট, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি, চামড়া, গভীর সমুদ্রে মাছ ধরা ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরীয় নেতার প্রতি আহ্বান জানান।