কেউ আইনের ঊর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। যে যেই পরিমাণ অপরাধ করবে, সেই পরিমাণ শাস্তি তাকে ভোগ করতেই হবে। এটাই আমরা জানি। সেই আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সেখানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ দমন বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বলব না শতভাগ জঙ্গি নির্মূল করেছি। আমরা বলব, আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা বলব, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রীর ডাকে। তাঁরা সবাই ঘুরে দাঁড়িয়েছেন। সবাই বুঝতে পেরেছেন, এদের (জঙ্গিদের) রুখতে হবে। না হলে আমাদের উন্নয়ন হবে না। আমাদের নিজেদের বাঁচার জন্যই এদের রুখতে হবে। এই উপলব্ধির জন্য আজকে জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ববোধ, পেশাদারি ও দেশাত্মবোধ দিয়ে এটা করেছে। তারা যে পারে, সেটা তারা দেখিয়ে দিয়েছে।’
উদ্বোধন শেষে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছে। এ দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারলে কোনো উন্নয়নই টেকসই হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেমের জন্যই দেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু নিয়ে যাঁরা ষড়যন্ত্র করে এ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তাঁদের কথামতো বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের অর্থ সহযোগিতা বন্ধ করে দেয়; আজ সেই ষড়যন্ত্রকারীদের প্রোপাগান্ডা (অপপ্রচার) মিথ্যা প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান প্রমুখ।