কেউ আটক হয়নি, মামলা করবে না পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি কবির হোসেন (৩০) হত্যাকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। হত্যাকাণ্ডের ঘটনায়ও কোনো মামলা হয়নি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপি ও ছাত্রদল লাশ নিয়ে শহরে বিক্ষোভ করে।
হত্যার প্রতিবাদে আজ বুধবার যশোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
যশোর শহরের উকিলবার মোড়ে গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্বৃত্তরা কবিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় পলাশের সঙ্গে থাকা ছাত্রদলের অপর সদস্য শামসুজ্জামানের (২৫) হাতে ও পায়ে গুলি করা হয়। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নাতদন্ত শেষে সকাল ১০টার দিকে কবিরের মরদেহ শহরের নীল রতন ধর সড়কের বাড়িতে নেওয়া হয়। পরে বাড়ি থেকে লাশ নিয়ে বিক্ষোভ করে বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। জোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।
কবিরের বাবা মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে না। মামলা করলে শত্রুতা বাড়ে, খুনিরা ধরা পড়ে না। বিচারও হয় না।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা না করা হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।