কেউ-ই স্বাধীনতার বিপক্ষে নয়: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির কথা বলে জাতিকে বিভক্ত করতে চায়। কিন্তু এই পুরোনো কথা বলে আর লাভ হবে না। দেশে এখন কেউ-ই স্বাধীনতার বিপক্ষে নয়। এ দেশের ১৬ কোটি মানুষই স্বাধীনতার পক্ষের শক্তি।শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন।বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম বলেন, ‘একাত্তর সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। আজ আমরা যখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি, ঠিক তখন বুদ্ধিজীবীদের অন্যতম আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে তথ্য প্রকাশের অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের নামে কীভাবে প্রহসন হচ্ছে, মাহমুদুর রহমান জনস্বার্থে তা ফাঁস করে দিয়েছেন। এর মধ্যে কোনো অপরাধ আছে বলে জনগণ মনে করে না। আরও বক্তব্য দেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, জয়নুল আবদিন ফারুক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।