কেউ ইসলামের বদনাম করুক তা চাই না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো কোনো মহল ইসলামকে ব্যবহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা চালায়। এর মাধ্যমে তারা ইসলামকে কলুষিত করতে চায়। ইসলামকে ব্যবহার করে কেউ এর বদনাম করুক, আমরা তা চাই না। তিনি আরও বলেন, ‘আমরা চাই সারা দেশে ইসলামের মর্যাদা আরও বৃদ্ধি পাক।’ গতকাল মঙ্গলবার হজ কার্যক্রম ২০১৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের শাসনতন্ত্র উপস্থাপনকালে গণপরিষদে প্রদত্ত ভাষণে জাতির পিতা বলেছিলেন, ‘ধর্ম একটি পবিত্র জিনিস। পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না।’
রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, সাবেক মন্ত্রী সাহরা খাতুন ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। স্বাগত ভাষণ দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মোহম্মদ বাবুল হাসান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে বাংলাদেশে ইসলামের নামে মানুষ হত্যা, খুন, বোমাবাজি ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। আর এসব করা হয়েছে পবিত্র ধর্ম ইসলামের নামে। কতিপয় বিপথগামী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এখনো ইসলামের নামে ধ্বংসাত্মক ও জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এ কলঙ্কের হাত থেকে দেশকে উদ্ধার করতে আমরা জঙ্গিবাদবিরোধী কর্মসূচি গ্রহণ করেছি। জঙ্গিবাদ দমনে জেলায়, উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, গত পাঁচ বছরে হজ ব্যবস্থাপনায় হাজিদের সেবা প্রদান অনেক সহজলভ্য ও উন্নত হয়েছে। ২০০৯ সালে হজ উইংয়ের কার্যালয় জেদ্দা থেকে মক্কার বাংলাদেশ হজ মিশনে স্থানান্তর করা হয়। এ সিদ্ধান্তের ফলে গত পাঁচ বছরে হজ ব্যবস্থাপনায় হাজিদের সেবা প্রদান অনেক সহজলভ্য ও উন্নত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমতে নিবেদিত। আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের প্রচার ও প্রসারে বিভিন্নভাবে কাজ করে থাকে। ইতিমধ্যে সরকারি পর্যায়ে সর্বপ্রথম আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের প্রচার ও প্রসারের ব্যবস্থা করা হয়েছে।
ডি-৮ গ্রুপকে বাস্তবমুখী কর্মসূচি নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল আট দেশের (ডি-৮) সামগ্রিক উন্নয়নে বাস্তবমুখী কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ডি-৮-এর প্রধান লক্ষ্য হওয়া উচিত বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ ও যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে ওআইসি দেশগুলোর সার্বিক অগ্রগতি এগিয়ে নেওয়া। সংস্থাটির সফররত মহাসচিব সৈয়দ আলী মোহাম্মাদ মৌসাভী গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
মৌসাভী বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত ১৬ বছরে সংস্থাটির নীতিনির্ধারণী স্তরের কাজ সম্পন্ন হয়েছে। ডি-৮ এখন কৃষি, পরিবহন, বাণিজ্য, অর্থনীতি, বেসামরিক বিমান ও নৌ-চলাচল এবং শিল্প খাতের উন্নয়নে নীতি প্রণয়নের কাজ করছে। সফররত মহাসচিব চলতি বছরের ডিসেম্বরে তুরস্কে ডি-৮-এর পরবর্তী শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বাংলাদেশ ২০১৬ সালে ডি-৮-এর সভাপতির দায়িত্ব নেবে।