কেউ কাউকে ছাড় দিতে চান না
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চান চার নেতা। তাঁরা সবাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কেউই ছাড় দিতে চান না। অন্যদিকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন বর্তমান মেয়র এ বি এম জিলানী।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা দ্বিধাবিভক্ত। এ কারণে সংসদ নির্বাচনেও দল থেকে দুজন প্রার্থী অংশ নেন। পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চান উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হারুনুর রশিদ।রফিকুল হায়দার বাবুল পাঠান ছয় মাস আগে কেন্দ্র কমিটি করে রেখেছেন। এক বছর আগে থেকে দুস্থ, অসহায় পরিবারের মধ্যে রিকশা বিতরণসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ভোটের মাঠের অবস্থান বিচার-বিশ্লেষণ করে দলীয় মনোনয়ন না দিলে নেতা-কর্মীরা তা মেনে নেবেন না।’ইসমাইল খোকন বলেন, ‘প্রার্থী মনোনয়নে ভুল করলে ভরাডুবি হবে। এর জন্য দলকে খেসারত দিতে হবে। জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দিলে নেতা-কর্মী ও ভোটাররা তা মেনে নেবেন না।’বিএনপি সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনে এ বি এম জিলানী দলীয় সমর্থন পেলেও দলের আরেক নেতা বদরুল আলম নির্বাচন করেন। তার পরও এ বি এম জিলানী মেয়র নির্বাচিত হন। এবার তাঁর মনোনয়ন নিশ্চিত বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, দল থেকে অন্য কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।