
আটপৌরে জীবন। আশরাফুল আলম বেসরকারি চাকরি ছেড়ে এসে শুরু করলেন ছোট্ট ওষুধের ব্যবসা। আর স্ত্রী মঞ্জুয়ারা সুলতানা বেসরকারি স্কুলের শিক্ষক। মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ছোট একটি ভাড়া বাসায় একমাত্র মেয়েকে নিয়ে এই দম্পতির সংসার। তাঁদের ঘরে প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব থাকলেও প্রাচুর্য ছিল বইয়ের। এ বই কাছের স্বজনেরা, নিকট প্রতিবেশীরা এসে নাড়াচাড়া করত, পড়ত, কেউ কেউ বাসায়ও নিয়ে যেত।
এই দম্পতি ভাবলেন, এত যখন মানুষের আগ্রহ, তাহলে একটি পাঠাগার করলে কেমন হয়? কিন্তু চাইলেই কি তা করা যায়? দরকার উপযুক্ত জায়গা, যথেষ্টসংখ্যক বই এবং একজন গ্রন্থাগারিক।
কথায় আছে, সদিচ্ছা থাকলে সব উপায় একটু একটু করে জুটে যায়। এঁদেরও তাই হলো। আশরাফুলের ভাইয়ের বাড়ির নিচতলায় জন্ম নিল পাঠাগার। নামকরণ হলো ‘সৃষ্টি পাঠোদ্যান’। সালটা ২০০৩। উদ্বোধন করলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

১৪ আগস্ট রোববার পল্লবীর পূরবী সিনেমা হলের পাশের সড়ক হয়ে রূপনগর আবাসিক এলাকার ১৯ নম্বর সড়কে প্রবেশ করতেই চোখে পড়ে সৃষ্টি পাঠোদ্যানের বিলবোর্ড। সামান্য ভেতরে হাতের ডানে ৫০ নম্বর বাড়ির নিচতলায় এই পাঠাগার। বেলা তখন সাড়ে ১১টা। পাঠাগারে প্রতিষ্ঠাতা দম্পতি, বর্তমান সভাপতি, স্থানীয় বিশিষ্টজনসহ কয়েকজন নিয়মিত পাঠককে পাওয়া গেল। বইপত্র পড়ছিলেন, নিজেদের মধ্যে আলোচনা করছিলেন।
এঁদের একজন মোশাররফ হোসেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত এই প্রকৌশলী শুরু থেকেই যুক্ত পাঠাগারের সঙ্গে। নিজের ১৭৫টি বই তিনি দান করেছেন এখানে। অবসর কাটে এখানে, দর্শন ও বিজ্ঞানের বই পড়ে।
রূপনগরেই বাড়ি বাম চিন্তক ও লেখক বদরুদ্দীন উমরের। নিজের কিছু বই দান করেছেন এই পাঠাগারে, অংশ নিয়েছেন বিষয়ভিত্তিক আলোচনায়। পাঠাগার থেকে বেরোত দেয়াল পত্রিকা পিঁপড়াএবং মাসিক পুস্তিকা নহলী। এর ওপর আলোচনায় নিয়মিত মুখ ছিলেন কবি আসাদ চৌধুরী। বিভিন্ন সময়ে সৃষ্টি পাঠোদ্যানে সাহিত্যবাসরে অংশ নিয়েছেন উর্দু সাহিত্যের অনুবাদক জাফর আলম, কবি সাজ্জাদ কাদিরসহ বিশিষ্টজনেরা।
সাড়ে পাঁচ হাজারের ওপরে বই আছে এই পাঠাগারে। আছে মুক্তিযুদ্ধের বই, বিভিন্ন মনীষীর জীবনী। পড়া ও গবেষণার জন্য আছে কবিগুরুর বিভিন্ন বইয়ের ওপর লেখা সমালোচনামূলক ৪৪টি বই।
তিন কামরায় ৬৫০ বর্গফুটের পাঠাগারটির বৈশিষ্ট্য হলো, যেকোনো ছুটির দিন খোলা থাকে। ইন্টারনেট সংযুক্ত দুটি কম্পিউটার আছে। ব্রাউজিং, মেইল চেক করা, কিছু প্রিন্ট করে নেওয়াসহ প্রয়োজনীয় কাজ সারা যায়। নিয়মিত রাখা হয় ছয়টি দৈনিক, দুটি সাপ্তাহিক ও দুটি মাসিক।
আগে দুবেলা খোলা রাখা হতো, এখন শুধু বিকেলে। কার্যক্রম একটু ঝিমিয়ে পড়েছে। পাঠাগার পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মিজানুর রহমানের ভাষ্য, ‘আমাদের শুরুটা ছিল ভালো। সব বয়সী পাঠক ছিল। বই পড়ার একটা আন্দোলনের মতো শুরু করতে পেরেছিলাম আমরা।’
তবে উদ্যোগ দুর্বল হলো কেন, এ প্রশ্নের জবাবে জানা গেল যে পাঠাগারটি পরিচালনার জন্য ভাড়াসহ অন্যান্য ব্যয়ভার মেটাতে না পারাই এর কারণ। একটা আবাসিক এলাকার মধ্যে পাঠাগারটি হলেও স্থানীয় বাসিন্দারা তেমনভাবে এর সহায়তায় এগিয়ে আসেননি। স্থানীয় তরুণদের অনেকের মধ্যে রয়েছে গ্রন্থাগারবিমুখতা।
এ প্রসঙ্গে বুদ্ধিজীবী, লেখক বদরুদ্দীন উমর বললেন, ‘মানুষের মধ্যে সিরিয়াসনেস বলতে কিছু নেই। কেবল হালকা চটুল বিষয়ে আগ্রহ। পড়াশোনার অভ্যাসটাই চলে গেছে। এ রকম বৈরী পরিবেশে পাঠাগারের মতো প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন কাজ। সামান্য
সহায়তাও কেউ করতে চায় না।’ এ ধরনের সামাজিক প্রবণতা খুব হতাশার বলে মনে করেন তিনি।
যাই হোক, পাঠাগারটিকে আবার জাগিয়ে তোলার ইচ্ছা ব্যক্ত করছেন আশরাফুল-মঞ্জুয়ারা দম্পতি। আশরাফুল মনে করেন, সামাজিক সংগঠন হিসেবে গ্রন্থাগারের প্রতি সমাজের প্রত্যেকের কর্তব্য আছে। প্রকাশকেরা চাইলে ফি বছর কিছু বই দিতে পারেন। সংবাদপত্র প্রতিষ্ঠান সৌজন্য সংখ্যা দিতে পারে। বিভিন্ন ব্যাংক তাদের সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা) অংশ হিসেবে সহায়তা দিতে পারে। এভাবে সামাজিক উদ্যোগের মধ্য দিয়েই পাঠাগারগুলো টিকিয়ে রাখা উচিত।
আপাতত মাইনে দিয়ে একজন গ্রন্থাগারিক রাখতে পারলেই টিকে যায় সৃষ্টি পাঠোদ্যান।