কেউ খোঁজ নিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিজির আলী বীর বিক্রম
খিজির আলী বীর বিক্রম

খুলনার একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা খিজির আলীর পরিবার এখন দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত। শুধু সম্মানী ভাতাতেই চলে পরিবারটি। গত কয়েক বছর সরকারের পক্ষ থেকে কেউ এ পরিবারের খোঁজ নেয়নি।
২৪ মার্চ ছিল বীর বিক্রম খিজির আলীর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে সে সময় তাঁর চিকিৎসার খরচ চালানো হয়। পরিবারের অভিযোগ, কোনো রাজনৈতিক মতাদর্শের না হওয়ায় খিজির আলীর পরিবারের আজ এই দশা। দারিদ্র্যের কারণে একপ্রকার বিনা চিকিৎসায় তিনি মারা গেছেন।
গত বৃহস্পতিবার দুপুরে খিজির আলীর মেজো মেয়ে নাজমা খাতুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তাঁর বাবার মৃত্যুবার্ষিকীর দিনেও কেউ তাঁদের খোঁজ নেয়নি।
সম্প্রতি খুলনার ১০০, বি কে প্রধান সড়কে অবস্থিত খিজির আলীর ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, দুটি কক্ষের একটি ফ্ল্যাট। প্রথমে ঢুকেই যে কক্ষটি তাতে রয়েছে একটিমাত্র খাট। দেখেই বোঝা যায় অনেক পুরোনো। পাশেই রয়েছে একটি ড্রেসিং টেবিল। সেটিও পুরোনো। দেয়ালের পলেস্তারা ও রং খসে পড়েছে অনেক জায়গায়। ওই ঘরেরই এক জায়গায় দেয়ালে ঝোলানো আছে মুক্তিযুদ্ধের সময় খিজির আলীর একটি সাদাকালো ছবি।
পাশের ঘরে শুয়ে আছেন খিজির আলীর অসুস্থ স্ত্রী। মানুষটি মানসিক বিকারগ্রস্ত। আর্থিক সংকটে তাঁরও চিকিৎসা হচ্ছে না।
ওই ঘরেই বসে খিজির আলীর মেজো মেয়ে নাজমা খাতুন বলেন, তাঁরা ছয় বোন ও এক ভাই। ভাইয়ের নাম রহমত আলী (৩৫)। যা আয় করেন তা দিয়ে তাঁর নিজের সংসারই চলে না।
নাজমা আরও জানান, তাঁরও বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় বাবার পরিবারের সঙ্গেই আছেন। সেজো মেয়ে তাসলিমা খাতুনের এক পায়ে কিছুটা সমস্যা আছে। এ কারণে তাঁর বিয়ে হয়নি।
খিজির আলী বেঁচে থাকতে প্রতি মাসে ১৬ হাজার টাকা সম্মানী পেতেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর সাত মাসেরও বেশি সময় সম্মানী ভাতা বন্ধ ছিল। গত নভেম্বর থেকে আবার ভাতা পাচ্ছেন তাঁরা।
নাজমা বলেন, ‘যে টাকা পাওয়া যায় তা ঘর ভাড়া ও মায়ের চিকিৎসার পেছনেই চলে যায়। অল্প কিছু টাকা হাতে থাকে তা দিয়ে কোনো রকমে সংসার চালিয়ে নিই।’
২০১১ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম আলোয় খিজির আলী বীর বিক্রমের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে তিনি তাঁর যুদ্ধজীবনের অনেক কিছু তুলে ধরেছেন—খিজির আলী যুদ্ধ করেন ৯ নম্বর সেক্টরের হিঙ্গলগঞ্জ সাব-সেক্টর এলাকায়। ২৬ মার্চ খুলনা মহানগরের বৈকালি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে খিজির আলী অসম সাহস প্রদর্শন করেন। খুলনার পতন হলে ভারতে যান। সেখানে কয়েক দিন প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে সফল অপারেশন করেন।
পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শেষে প্রথম অংশ নেন অপারেশন জ্যাকপটে। ১৫ আগস্ট মধ্যরাতে একদল নৌ-কমান্ডো মংলা বন্দরে লিমপেট মাইনের সাহায্যে কয়েকটি জাহাজ ডুবিয়ে দেন। খিজির আলীর দলের ওপর দায়িত্ব ছিল নৌ-কমান্ডোদের স্থলে নিরাপত্তা প্রদান ও গাইড করা। তাঁদের রেকি করা তথ্যের ভিত্তিতেই নৌ-কমান্ডোরা সফলতার সঙ্গে অপারেশন করেন। পরে আরও কয়েকটি অপারেশনে তিনি নৌ-কমান্ডোদের সঙ্গে অংশ নেন। এর মধ্যে আশাশুনি থানা দখল উল্লেখযোগ্য।
অপর এক সাক্ষাৎকারে তিনি তাঁর শেষ জীবনের কিছু অসহায়ত্বের কথা তুলে ধরেছিলেন। শেষ জীবনে মাথা গোঁজার জন্য সরকারের কাছে একটি বাড়ি বরাদ্দ চেয়েছিলেন। যেকোনো এক সন্তানের জন্য চেয়েছিলেন চাকরি। কিন্তু তাও পাওয়া যায়নি।
সেজো মেয়ে তাসলিমা খাতুনের কণ্ঠে তাই ভেসে এল অভিমানের সুর, ‘বাবা বেঁচে থাকতেই আমরা কোনো সহায়তা পাইনি। আর মায়ের চিকিৎসার জন্য সাহায্য পাব তা আশা করি না। গত পাঁচ বছর থেকেই দেশের বিশেষ কোনো অনুষ্ঠানেও বাবাকে ডাকা হতো না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ছিল না বলে বাবাকে সারা জীবন অবহেলিত থাকতে হয়েছে।’