কেউ খোঁজ রাখেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতা সেন
গীতা সেন

এই যে আমার পোড়া হাতটা দেখেন। নতুন করে ফুলে উঠছে। ফোসকার মতো চামড়ার ওপর ভেসে উঠছে। হাতটার দিকে তাকালেই আমার চোখ দিয়ে শুধু জল ঝরে। এই পোড়া হাত দুটো ইতিহাসের সাক্ষী। একটা মলম দিনে চারবার লাগানোর কথা। এখন সেটা একবার লাগাই। হাসপাতাল থেকে বের হবার পর আর কেউ কোনো খোঁজখবর করেনি। চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে গেছি। দোতলায় ছিলাম। ভাড়া একটু কম বলে স্বামী-সন্তান নিয়ে চিলেকোঠায় উঠে এসেছি। মেয়েরা কলেজে যায়, কোচিং করে। সব জায়গায় অনুরোধ করে টাকা কমিয়েছি। এই অনুরোধটা করতে কী যে কষ্ট হয়! কিন্তু আমরা তো এখন নিরুপায়। জীবনটা আর জীবন নেই। শুধু কষ্ট আর কষ্ট।

সবাই এত উগ্র কেন? সরকার বলে—আমরা করি না, বিরোধী দল বলে—আমরা করি না। তাহলে মানুষ পোড়াচ্ছে কারা? সরকার আমাদের বাইরে বেরিয়ে আসতে বলছে। কিন্তু সরকার কি নিরাপত্তা দিতে পারছে? আমরা তো জীবন বাঁচাতে রাস্তায় নামছি। তারপর পুড়ে মরছি। আমাদের ব্যবস্থায় ত্রুটি আছে। এত উগ্রতা কেন বলতে পারেন? আমরা তো আর বাঁচি না। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য নেই, জীবনের নিরাপত্তা নেই। এখন তো আরও বেশি মানুষ পুড়ছে। মাঝে মাঝে এত অস্থির লাগে, দৌড়ে রাস্তায় বেরিয়ে যাই। এত রাগ হয়। কী করব বুঝে উঠতে পারি না।

অনুলিখন: শেখ সাবিহা আলম