নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে নৈশপ্রহরীকে খুন করে ডাকাতির ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ কাউকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বাজারের ব্যবসায়ীরা।নয়াপুর বাজারের রিতা জুয়েলার্সে গত বুধবার রাতে ডাকাতির ঘটনায় এক নৈশপ্রহরী খুন হন। আহত হয়েছেন আরও দুই প্রহরী।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, বুধবার গভীর রাতে ২০-২৫ জনের মুখোশ পরা অস্ত্রধারী ডাকাতদল বাজারের তিন নৈশপ্রহরীকে পিটিয়ে আহত করে। তারপর তাঁদের হাত-পা-মুখ বেঁধে শরীরে কলাগাছ চাপা দিয়ে রেখে স্বর্ণালঙ্কারের ওই দোকানের সিন্দুক লুট করে।রিতা জুয়েলার্সের মালিক তপন ধর জানান, সিন্দুকে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার নগদ টাকা ছিল। এ ছাড়া ডাকাতরা দোকানের অন্যান্য আসবাবও লুট করে। খবর পেয়ে পুলিশ এসে নৈশপ্রহরী চান মিয়াকে (৬৫) মৃত অবস্থায় এবং অপর দুজনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে। নিহত চান মিয়া আন্দারমানিক গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।এদিকে দুদিনেও খুনিদের আটক ও লুণ্ঠিত মালামাল উদ্ধার না হওয়ায় বিক্ষোভ করেছেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল তাঁরা বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ-মিছিল করেন। অবিলম্বে মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে ব্যবসায়ীরা হুঁশিয়ার করেছেন।স্থানীয় সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ জানান, ঐতিহ্যবাহী এই বাজারে সব সময় পুলিশ থাকে। পুলিশের এ রকম নিরাপত্তার মধ্যেও কীভাবে এত বড় ডাকাতি হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘এ ঘটনায় একটি ডাকাতির মামলা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।’